নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মাধ্যমে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আগামীকাল বাজেট পরিবেশন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই বাজেট দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে। এমনটাই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ ED search operation in Kolkata: শহরজুড়ে ইডির বিরাট অভিযান, মিলতে পারে বিরাট উত্তর


এদিন সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের সরকারের একটাই লক্ষ্য, ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট। অর্থাৎ সবার আগে দেশ, সবার আগে দেশবাসী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত ভাবে সেই কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন। প্রধানমন্ত্রীর কথায়, দেশজুড়ে আর্থিক মন্দা চলছে। এর মধ্যে বিশেষ নজর থাকবে ভারতের বাজেটের দিকে। সাধারণ মানুষের কথা ভেবে এই বাজেট তৈরি হবে। আশ্বাস প্রধানমন্ত্রীর।

একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থমন্ত্রী একজন মহিলা। আরও একবার তিনি বাজেট পেশ করবেন। গোটা বিশ্বের নজর থাকবে বুধবারের বাজেটের দিকে। আমজনতার আশা এবং আকাঙ্খা পূরণের চেষ্টা করবে ভারতের বাজেট। আমি নিশ্চিত যে সেই আকাঙ্খা পূরণের জন্য সবরকমের চেষ্টা করবেন নির্মলা সীতারামন।
বাজেট দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে, মত প্রধানমন্ত্রীর

গত দুই বছর ধরে মহামারীর কারণে দেশজুড়ে আর্থিক সংকট দেখা দিয়েছিল। যার প্রভাব পড়েছিল সমস্ত ক্ষেত্রেই। সেই খরা কাটিয়ে ওঠার চেষ্টা করছে ভারত। তার ওপর বিশ্বজুড়ে আর্থিক মন্দার মাঝে আগামী দিনে বাজেট নিয়ে কি সিদ্ধান্ত নেয় ভারত? সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই। অন্যদিকে, আদানি থেকে শুরু করে বিবিসি বিতর্ক, সব কিছুতেই আলোচনার জন্য সংসদে একজোট হবে বিরোধী দলগুলি। সেক্ষেত্রে শাসক দল বিজেপির ভূমিকা কী হবে? তা নিয়ে প্রশ্ন উঠছে।









