প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঞ্জাব-হরিয়ানা সফরকে ঘিরে ফের নিরাপত্তা উদ্বেগ। সফরের আগে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, এই হুমকির পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে। একই সঙ্গে পাঞ্জাব ও হরিয়ানার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ নামে পরিচিত একটি সংগঠনের নাম ব্যবহার করে হুমকির ইমেল পাঠানো হয়েছে। যদিও ইমেলটি ঠিক কোন দফতর বা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল, তা এখনও সরকারি ভাবে স্পষ্ট করা হয়নি।
হুমকির বার্তায় দাবি করা হয়েছে, শুক্রবার হরিয়ানার জিন্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত জনসভাকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হবে। শুধু জনসভাই নয়, একই দিনে চণ্ডীগড়, মোহালি এবং জলন্ধরের বিভিন্ন স্কুল, রেলস্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণেরও হুমকি দেওয়া হয়েছে।
ইমেলে এমনকি সম্ভাব্য বিস্ফোরণের সময়ও উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে, শুক্রবার দুপুর ১টা ১১ মিনিট নাগাদ একাধিক বিস্ফোরণ ঘটানো হবে। পাশাপাশি মোহালির মেয়রের দফতরকে লক্ষ্য করে বিকেল ৩টা ১১ মিনিটে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই হুমকির পরই নিরাপত্তা সংস্থাগুলি দ্রুত তৎপর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি ও নজরদারিও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। হুমকির উৎস এবং ইমেলের সত্যতা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের জানুয়ারিতেও নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদর দফতরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তদন্তে সেই ঘটনার সঙ্গেও ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’-র নাম উঠে এসেছিল বলে জানা যায়। সর্বশেষ এই হুমকির পর নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



