নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের শুরুতেই ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম, করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে সামান্য পতন দেশে। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৭৫৪ জন। ভয়াবহ পরিস্থিতিতে পাল্লা দিয়ে চড়ছে জ্বালানী তেলের দাম। গত দু’দিন দাম না বাড়লেও, সপ্তাহের প্রথম দিনেই ফের গ্রাফ উঠলো জ্বালানির দামের।
আরও পড়ুনঃ তৈরি ‘টিম মমতা’, নবান্ন সভাঘরে আজই দফতর ভাগ মন্ত্রীদের


দেশের ৫ রাজ্যের নির্বাচন সেশের পর থেকেই পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম। মাঝে দুদিন স্থির ছিল পেট্রোল ডিজেলের দাম। ফের সপ্তাহের শুরুতে উঠেছে দাম। পেট্রলের দাম বাড়ল প্রতি লিটার ২৩ থেকে ২৬ পয়সা এবং ডিজেলের প্রতি লিটার ৩১-৩৫ পয়সা দাম বাড়ল। একদিকে বিভিন্ন রাজ্যে লকডাউন, তারপর এভাবে পেট্রল-ডিজেলের দাম বাড়ায় জিনিসপত্রের দামও বাড়তে পারে। এবার এমন আশঙ্কাও প্রকাশ করছেন সাধারণ মানুষ।
ইন্ডিয়ান কর্পরেশনের ওয়েবসাইট অনুযায়ী আজকে দিল্লিতে পেট্রলের দাম বাড়ল ২৬ পয়সা। লিটার প্রতি দাম ৯১.৫৩ টাকা। রবিবার ১ লিটার পেট্রলের দাম ছিল ৯১.২৭ টাকা। ডিজেলের দাম ৮১.৭৩ টাকা থেকে বেড়ে হল ৮২.০৬ টাকা। আজ কলকাতায় এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯১.৬৬ টাকা। আর এক লিটার ডিজেলের দাম ৮৪.৯০ টাকা।
সপ্তাহের শুরুতেই ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম, মুম্বাইতে ২৬ পয়সা বেড়ে লিটার পিছু পেট্রলের দাম গিয়ে পৌঁছল ৯৭.৮৬ টাকা, ডিজেলের দাম হয়েছে ৮৯.১৭ টাকা। চেন্নাইয়ের পেট্রল ও ডিজেলের জন্য এখন দিতে হবে ৯৩.৩৮ এবং ৮৬.৯৬ টাকা। ফলে সব মিলিয়ে প্রায় প্রতিদিন বাড়তে থাকা তেলের দাম প্রভাব ফেলবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর। আর বাড়বে সাধারণ মানুষের উপর চাপ।









