নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের একাধিক আর্থিক বঞ্চনা এবং রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বুধবার দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস অবধি মিছিলও করল বামেরা। এদিনের মিছিলে পা মেলালেন কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জোট কার্যত ইতিবাচক বলেই মন করছে রাজনৈতিক মহল। বাংলার মানুষ একজোট হয়ে ইতিহাস তৈরি করতে নেমেছে। বার্তা সিপি(আই)এমের রাজ্য সম্পাদকের।

এদিনের সভা থেকে সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, বিজেপি ও তৃণমূল বাদ দিয়ে বাকি সকলে একসঙ্গে নামছে। গ্রামে এবং শহরে আজ একজোট হয়ে নামছে। বাজকের এই মিছিল বাংলার মানুষ ইতিহাস তৈরি করার জন্য একজোট হয়ে নেমেছে। বিজেপি ও তৃণমূল বাদ দিয়ে সকলে একজোট হচ্ছে।

তিনি আরও বলেন, এটা শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, অনেক গুলো জায়গায় মানুষের ঐক্য বেড়ে উঠছে। যারা ধর্মকে ব্যবহার করে, জাতপাতকে ব্যবহার করে, যারা টাকা পয়সা দিয়ে গুণ্ডামি করছিল। তাঁদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এটা পঞ্চায়েত নির্বাচনের জন্য শুধুমাত্র নয়। সরকারি টাকায় রেড রোডে দুর্গা কার্নিভ্যাল করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দূর্গাকে অপমান করেছেন। সেই কার্নিভ্যাল সরে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেবী সেজে বসছেন সরকারের টাকায়।
বাংলার মানুষ একজোট হয়ে ইতিহাস তৈরি করতে নেমেছে, বিরাট মিছিলে বিরোধীরা

এদিন বিধানভবন থেকে কংগ্রেসের মিছিল শুরু হয়েছিল। উল্টোদিকে রামলীলা ময়দানে ছিল বামেরা। মিছিলও শুরু হতেই একে অপরের সঙ্গে মিলিয়ে গেল দুই দল। মিছিলকে কেন্দ্র করে পার্ক সার্কাস এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। শহিদ মিনার ফেরত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিতে শুরু করে। পুলিশ কর্মীরা করজোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।








