Kolkata Weather Today: বিকেলের মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়! দক্ষিণে বজ্রপাতের সতর্কতা, উত্তরবঙ্গে লাল অ্যালার্ট

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়ছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, ধস ও জলাবদ্ধতার আশঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা ও দক্ষিণবঙ্গে (Kolkata Weather Today) আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল ভারতীয় আবহাওয়া দফতর (India Meteorological Department – IMD)। বঙ্গোপসাগরের সক্রিয় ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের জেরে ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং জলাবদ্ধতার আশঙ্কা আরও বেড়েছে।

আইএমডি (IMD)-র সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা রাজ্যে প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে। এর প্রভাবেই আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের (West Bengal Weather) অধিকাংশ জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কলকাতা (Kolkata Weather Today)-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, যেখানে বৃষ্টি হবে না, সেখানে আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও ভ্যাপসা অস্বস্তি অনুভূত হতে পারে।

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছে আইএমডি।

সোমবার থেকে পরিস্থিতি আরও বদলাতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং একাধিক জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মঙ্গলবার ও বুধবার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারে (Alipurduar) অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। এই দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) ও মালদা (Malda)-য় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং (Darjeeling)-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হলুদ সতর্কতা বহাল রয়েছে।

শনিবার থেকেই দার্জিলিং, কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার (Cooch Behar)-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা কার্যকর হতে পারে। কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়বে।

আবহাওয়াবিদদের পরামর্শ, আগামী তিনদিন বিশেষ করে উত্তরবঙ্গের বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে হবে। পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা এবং নদী সংলগ্ন ও জলাবদ্ধপ্রবণ এলাকায় বসবাসকারীদের পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন