নজরবন্দি ব্যুরোঃ এসএসসি মামলায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বৃহস্পতিবার তিন ঘণ্টা জেরা করার পর তাঁকে ছেড়ে দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। শুক্রবার ফের তাঁকে তলব করা হয়। সিবিআইয়ের নির্দেশ মতো শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ নিজাম প্যালেসে ঢুকেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। প্রায় সাড়ে ন’ঘণ্টা জেরার পর রাত আটটা কুড়ি নাগাদ নিজাম থেকে বেরিয়ে গেলেন মেখলিগঞ্জের নেতা।
আরও পড়ুনঃ মেধা তালিকায় বঞ্চিতদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, ‘আই ওয়াশ’ বললেন বিচারপতি!
মেয়ের চাকরিতে জালিয়াতি মামলায় পরেশকে (Paresh Adhikari) দু’দিনে সব মিলিয়ে সাড়ে ১২ ঘণ্টা জেরা করে ফেলল সিবিআই। এদিন সকালে যখন পরেশ নিজাম প্যালেসে তখন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন পরেশ-কন্যা অঙ্কিতাকে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করতে হবে। সেই সঙ্গে চাকরি শুরু থেকে আজ পর্যন্ত মানে ২০১৮ থেকে এ পর্যন্ত ৪১ মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২ কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা। প্রথম কিস্তি দিতে হবে আগামী ৭ জুন, দ্বিতীয় কিস্তি দিতে হবে আগামী ৭ জুলাই। আদালত নতুন কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল চত্ত্বরে ঢুকতে পারবে না অঙ্কিতা অধিকারী। এদিন দেখা যায় হাতে একটি ফাইল নিয়ে রাত আটটা কুড়ি নাগাদ বেরিয়ে আসছেন পরেশ। সূত্রের খবর, সিবিআই শিগগির ফের ডাকতে পারে পরেশকে।
পরেশ নিজাম প্যালেস থেকে বেরিয়ে যাওয়ার ঠিক পরে পরেই সিবিআই দফতরে ঢোকেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। এদিন তিনি যখন নিজাম প্যালেসে ঢুকছেন, সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, সিবিআই যা যা তথ্য যেয়েছিল তা কি আপনি দিয়েছেন। জবাবে এসপি সিনহা বলেন, ‘ওঁরা যা চেয়েছিলেন, সব দিয়েছি।’ এটুকু বলেই নিজাম প্যালেসের লিফটে করে উপরে উঠে যান শান্তিপ্রসাদ।
নিজাম থেকে সাড়ে ৯ ঘণ্টা পর বেরোলেন পরেশ, ঢুকলেন শান্তিপ্রসাদ

এদিনই নিজাম প্যালেসে এসেছিলেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। তিনি এখানকার আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন বলে খবর। মনে করা হচ্ছে এসএসসি সংক্রাম্নত মামলাগুলির জন্য বিশেষ দায়িত্ব দিয়ে তাঁকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে।



