নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোট হিংসা ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। এই ঘটনায় সোমবার অর্থাৎ আজ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ভবানী ভবনে তলব করেছিল রাজ্য অধীনস্থ গোয়েন্দা সংস্থা সিআইডি। এদিন দুপুরেই হাজিরা দিয়েছেন তিনি। কাশীপুর থানায় দায়ের হওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছিল। তারই জিজ্ঞাসাবাদের জন্য এদিন নওশাদকে ডেকে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: প্রতিশোধপন্থী সরকার! গ্রেফতার হতে চলেছেন অভিষেক? মমতার ফোনে এল ভয়ানক ‘বার্তা’
পঞ্চায়েত ভোট ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটগণনা- সব ক্ষেত্রেই দফায় দফায় হিংসার ছবি সামনে এসেছে। মুড়ি মুরকির মত বোমা পড়েছে। চলছে গুলি, ঝরেছে রক্ত। প্রাণ গিয়েছে একাধিকজনের। ভোট হিংসার ঘটনায় তদন্তভার নেয় সিআইডি। কাশীপুর থানায় নওশাদ সহ ৬৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। এদিন দুপুরেই ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন আইএসএফ বিধায়ক। সূত্রে খবর, সিআইডি তদন্তকারীরা জানতে চেয়েছেন পঞ্চায়েত ভোটে নওশাদ ও তাঁর দলের ভূমিকা কী ছিল?

এদিন বিধানসভার অধিবেশন শেষ করে সেখান থেকে বেরিয়ে সোজা সিআইডি দফতরে যান নওশাদ সিদ্দিকি। এখনও জেরা চলছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি আইএসএফের যে সমস্ত কর্মীরা গ্রেফতার হয়েছেন তাঁদের সঙ্গে বিধায়কের যোগাযোগ কেমন তাও জানার চেষ্টা করবে সিআইডি।

উল্লেখ্য, রাজু নস্কর খুনের মামলায় গত ১৬ জুন কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরপরই নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছিল কাশীপুর থানার পুলিশ।
ভাঙড়ে ভোট অশান্তির ঘটনায় নওশাদকে CID তলব, হাজিরা দিলেন কী ISF বিধায়ক?




