সাম্বা সীমান্তে ধরা পাকিস্তানি অনুপ্রবেশকারী, হাতেনাতে ধরে ফেলল বিএসএফ, চলছে জিজ্ঞাসাবাদ

জম্মু–কাশ্মীরের সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঢোকার সময় ধরা পাকিস্তানি নাগরিক। কাগজপত্র উদ্ধার, উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিএসএফ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সীমান্তে নজরদারি আরও কড়া হওয়ার মধ্যেই ফের অনুপ্রবেশের চেষ্টা। জম্মু–কাশ্মীরের সাম্বা সেক্টরে সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার সময় এক পাকিস্তানি নাগরিককে পাকড়াও করল বিএসএফ। সাম্প্রতিক ঘটনাবলির পর সীমান্ত পরিস্থিতি সংবেদনশীল থাকায় এই অনুপ্রবেশকে ঘিরে নিরাপত্তা মহলে সতর্কতা বেড়েছে।

রবিবার সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক ব্যক্তিকে। বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে জানা যায়, ধৃত ব্যক্তি পাকিস্তানের নাগরিক।

ধৃত অনুপ্রবেশকারীর কাছ থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। তিনি কী উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে চেয়েছিলেন, তা জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। একইসঙ্গে আশপাশের এলাকায় তল্লাশি অভিযানও শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারিও সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে। সেই সময় এক সন্দেহভাজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে তাকে থামতে বলা হয়। সতর্কবার্তা অমান্য করায় বিএসএফ গুলি চালায় এবং ওই অনুপ্রবেশকারী নিহত হয়।

এরপর গত সপ্তাহেই সাম্বা জেলায় সেনাবাহিনীর পোশাকের মতো পোশাক পরা দুই সন্দেহভাজনকে দেখা যায়। সেই খবর পাওয়ার পর ২ ফেব্রুয়ারি থেকে জেলায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী।

সাম্প্রতিক এই ঘটনাগুলি সীমান্তে অনুপ্রবেশের প্রচেষ্টা পুরোপুরি থামেনি বলেই ইঙ্গিত দিচ্ছে। ফলে সাম্বা সেক্টর-সহ সংলগ্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত