ভারত ম্যাচ বয়কটের জেদে ভাঙন? শাহবাজের দ্বারস্থ পাক বোর্ড, শ্রীলঙ্কাকে সামনে রেখে ‘পালটি’ ইঙ্গিত

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিলেও শ্রীলঙ্কার ক্ষতির আশঙ্কায় নরম পিসিবি। সিদ্ধান্ত বদলাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বারস্থ হতে পারে পাক বোর্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়ে শুরু হয়েছিল নাটক, কিন্তু বিশ্বকাপ এগোতেই বদলাতে শুরু করেছে সুর। আর্থিক ক্ষতি ও সম্ভাব্য শাস্তির আশঙ্কায় এবার নরম হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, বয়কটের সিদ্ধান্ত বদলাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বারস্থ হতে চলেছে পিসিবি।

আইসিসির কড়া অবস্থান সত্ত্বেও কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার হুমকি দিয়েছিল পাকিস্তান। সেই সিদ্ধান্তে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয় আয়োজক দেশ শ্রীলঙ্কার। পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সরাসরি পাকিস্তান বোর্ডকে কড়া চিঠি দেয়।

চিঠিতে ১৭ বছর আগের লাহোর জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে দ্বীপরাষ্ট্র জানায়, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে না খেলে, তবে শ্রীলঙ্কার আর্থিক ও পর্যটন খাতে বড় ধাক্কা লাগবে। সেই সতর্কবার্তার পরই অবস্থান নরম করার ইঙ্গিত মিলছে পাকিস্তানের তরফে।

পাক বোর্ডের এক সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কা সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ক্রিকেটের ক্ষেত্রেও দুই দেশের বোর্ডের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ফলে শ্রীলঙ্কার অনুরোধ উপেক্ষা করা কঠিন বলেই মনে করছে পাকিস্তান।

জানা গিয়েছে, পিসিবি প্রধান মহসিন নকভির সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের সভাপতি শাম্মি সিলভার কথাও হয়েছে। সেখানে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে শ্রীলঙ্কার সম্ভাব্য ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়।

সূত্রের দাবি, নকভি দেশে ফিরেই বিষয়টি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনে তুলবেন। সোমবারের মধ্যে বয়কটের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

পিসিবি ভাল করেই জানে, ভারত ম্যাচ বয়কট করলে আইসিসির কড়া শাস্তির মুখে পড়তে পারে তারা। আর্থিক ক্ষতির পাশাপাশি নির্বাসনের আশঙ্কাও রয়েছে। সেই ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান বোর্ড। ফলে শেষ পর্যন্ত অর্থ ও বাস্তবতার চাপেই তারা সিদ্ধান্ত বদলাতে পারে—এমনটাই মনে করছে ক্রিকেটমহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন