নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের ম্যাচে খুব একটা ভালো প্রদর্শন দেখাতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়ান ডে ক্রিকেটের এক নম্বর ব্যাটার তিনি। আফগানিস্তানের কাছে হারের পর সমালোচনার ঝড় উঠেছে। মনে করা হচ্ছে, বিশ্বকাপের পরই ক্রিকেট দলের অধিনায়কত্ব হারাতে পারেন তিনি। তাহলে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে কাকে বেছে নেবে পাক ক্রিকেট বোর্ড? ইতিমধ্যেই তিনজনের নাম নিয়ে চিন্তা ভাবনা চলছে।
আরও পড়ুন: দশটা মাথা, হাতে তীর-ধনুক, রাবণের সাজে নেটিজেনদের চমকে দিলেন Rakhi Sawant


বিশ্বকাপের শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। নেদারল্যান্ড ও শ্রীলঙ্কাকে পরাজিত করে বাবরবাহিনী। ১৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলায় প্রথম হার ঝুলিতে ওঠে পাকিস্তানের। এরপর অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছেও হেরে যায় তারা। গত সোমবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলতে নামে আফগানিস্তান ও পাকিস্তান। একদিনের ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হারাল আফগানিস্তান। এখন হিসেব দাঁড়িয়েছে ৭-১। যা একেবারেই মেনে নিতে পারছে না পাক ক্রিকেট বোর্ড। অন্যদিকে ওই দেশের ক্রীড়া মহলেও বাবরের অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে।

পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘চলতি বিশ্বকাপে পাকিস্তান সেমি ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলেই বাবর আজম দলের অধিনায়ক থাকতে পারেন। তবে তাও কেবল লাল বলের ক্ষেত্রে। হোয়াইট বল ক্রিকেটে অন্য কাউকে অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে বোর্ড।’ অনেকেই মনে করছেন, এশিয়া কাপ এবং বিশ্বকাপে খারাপ ফলের সব দায় বাবরের। সেই কারণেই আগামী দিনে তাঁকে অধিনায়ক রাখা হবে না। এদিকে শোনা যাচ্ছে, পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে না পারে তাহলে নিজেই অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন বাবর।



পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হিসেবে তিনটি নাম উঠে আসছে। তাঁরা হলেন, সরফরাজ আহমেদ, মহম্মদ রিজ়ওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। এঁদের মধ্যেই একজন পাক ক্রিকেট দলকে আগামী দিনে নেতৃত্ব দেবেন। বলে রাখা ভালো, অধিনায়কত্বের অন্যতম দাবিদার সরফরাজ বিশ্বকাপের দলে নেই। বাবরকে সরিয়ে তাঁকে আবার ফিরিয়ে আনা হতে পারে।
বিশ্বকাপের পরেই বাবরের অধিনায়কত্বে ইতি! পাক দলের পরবর্তী ক্যাপ্টেনের দৌড়ে ৩ জন








