নজরবন্দি ব্যুরোঃ এর আগেও একাধিক কারণে বারবার শিরোনামে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার ফের প্রকাশ্যে এল বিশ্বভারতী আর বোলপুর পৌরসভার দ্বন্দ্ব। বন্ধ করে দেওয়া হল পুরনো রেজিস্টার অফিসের প্রাচীর নির্মানের কাজ। দীর্ঘদিন ধরে একের পর এক দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফলে এর আগেও বার বার প্রাচীর নির্মান নিয়েই বিশ্বভারতীতে সমস্যা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ আগামীকালের ডুমুরজলার সমাবেশে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি
বিশ্বভারতীর দমকল অফিসের সামনেই পুরনো রেজিস্ট্রার অফিস। আর সেই অফিস দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। আর সেইটিই নতুন করে সেই জায়গাটি ও ঘরটি সংস্কারের কাজ শুরু করেছিল বিশ্বভারতী। এবার সেই কাজই বন্ধ করে দিল বোলপুর পৌরসভা। সূত্রে খবর, এখানে প্রাচীর নির্মাণ করা হচ্ছে, আর সেখানেই ঢুকে আছে PWD এর জমি। এই অভিযোগ তুলেই আজ বোলপুর পৌরসভার প্রশাসনিক কর্তারা গিয়ে প্রাচীর ও ফেন্সিং তৈরি করার কাজ বন্ধ করে দেয়। কর্মরত কর্মীদের হাতেও একটি নোটিস ধরিয়ে দেওয়া হয় পুরসভার তরফে।
পুরসভার তরফে প্রশাসক অমর সেখ বলেন, “বিশ্বভারতী যে প্রাচীরটি নির্মাণ করছে সেখানে ৪ ফুট না ছেড়ে কাজ করা হচ্ছে। PWD-র জমি ঢুকে এই অংশে। এরফলে প্রাচীরের ধারে যে দোকানদারগুলি রয়েছে তাঁদের সমস্যা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে। তাই নোটিস দেওয়া হয়েছে।“
এই ঘটনায় বিশ্বভারতীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু বলতে চাইনি বলেও দাবি করেছেন পৌরসভার প্রশাসক। ওই নির্মাণ কাজ যেখানে চলছিল সেই এলাকায় সিসিটিভি ক্যামেরাও বসিয়ে দেওয়া হয়েছে পুরসভার তরফে।



