OMR শিটের কার্বন কপি বাধ্যতামূলক! নিয়োগে স্বচ্ছতার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত, পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে OMR শিটের কার্বন কপি; মৌখিক নম্বরও কমানোর ইঙ্গিত

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সরকারি নিয়োগে স্বচ্ছতা ফেরানোকে সামনে রেখে বড় নীতিগত ঘোষণা করল রাজ্য সরকার। চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের বিতর্ক ও অভিযোগের আবহে এবার থেকে OMR শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার নম্বরের গুরুত্বও কমানোর ইঙ্গিত দিল সরকার।

শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এতদিন ওএমআর ভিত্তিক পরীক্ষা হলেও পরীক্ষার্থীদের হাতে উত্তরপত্রের কার্বন কপি দেওয়া হত না। তাঁর দাবি, নিয়োগে অস্বচ্ছতা, স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগের বড় অংশের উৎস এই প্রক্রিয়ার মধ্যেই ছিল।

মুখ্যমন্ত্রীর কথায়, চাকরিপ্রার্থীদের নিজেদের দেওয়া উত্তর সংরক্ষণের সুযোগ থাকলে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও বিতর্ক অনেকটাই কমবে। সেই কারণেই নতুন নিয়োগ নীতিতে এই ব্যবস্থা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোজগার মেলার মঞ্চ থেকেই পূর্ববর্তী সরকারের আমলের নিয়োগ প্রক্রিয়া নিয়েও কড়া মন্তব্য করেন শুভেন্দু। তাঁর দাবি, ধারাবাহিক নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই প্রশাসনিক সংস্কারের পথে হাঁটছে বর্তমান সরকার।

শুধু ওএমআর কার্বন কপি নয়, নিয়োগের মূল্যায়ন কাঠামোতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, লিখিত পরীক্ষা ও অ্যাকাডেমিক স্কোরের পাশাপাশি মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার প্রথা পুনর্বিবেচনা করা হবে।

বিশেষ করে ভাইভা বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সীমিত নম্বর রাখার কথা বলা হয়েছে। সরকারের যুক্তি, অতীতে মৌখিক পরীক্ষার নম্বরকে কেন্দ্র করে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ন্যূনতম নম্বরভিত্তিক কাঠামোর দিকে এগোতে চায় প্রশাসন।

সূত্রের ইঙ্গিত, আগামী বাজেট অধিবেশনেই নতুন নিয়োগ নীতির প্রস্তাব আনা হতে পারে। চূড়ান্ত অনুমোদন মিললে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষার কাঠামোয় বড় পরিবর্তন দেখা যেতে পারে।

সব মিলিয়ে, নিয়োগ প্রক্রিয়াকে আরও জবাবদিহিমূলক ও যাচাইযোগ্য করে তুলতে প্রশাসনিক স্তরে নতুন বার্তা দিতে চাইছে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর