নজরবন্দি ব্যুরো: প্রতারণার অভিযোগ নিয়ে বিগত দু’দিন ধরে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। এবার বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক ডাকলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। কলকাতা প্রেস ক্লাবে দুপুর আড়াইটের সময় বৈঠকটি ডেকেছেন অভিনেত্রী। এখন প্রতারণার অভিযোগ নিয়ে কী জবাব দেন নুসরত সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: চা বাগান থেকে ২০ ফিটের অজগর উদ্ধার
ঠিক কী অভিযোগ রয়েছে নুসরতের বিরুদ্ধে? নুসরতের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেন। মোট ২৪ কোটি টাকা নাকি তিনি প্রতারণা করে আত্মসাৎ করেছেন। অভিযোগটি করেছেন, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর বয়ানে, গড়িয়াহাট রোডে মেসার্স সেভেন সেন্স ইনফাস্ট ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি আছে। সেই কোম্পানির ডিরেক্টর তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই সংস্থার মাধ্যমেই টাকা তুলে আত্মসাৎ করেছেন নুসরত বলে অভিযোগ।
শঙ্কু আরও বলেছেন, প্রায় ৯ বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাওয়া যায়নি। সেই সময় নাকি নুসরতের সংস্থা দাবি করেছিল, রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে এই ৪২৯ জনকে। তিন বছরের মধ্যেই ফ্ল্যাটগুলি হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপর আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে।

এমনকি প্রতারিতদের নিয়ে ইডির দফতরে গিয়ে নালিশ জানিয়েছেন শঙ্কুদেব পণ্ডা। যদিও অভিযোগের পর ৪৮ ঘন্টা কাটলেও এখনও অভিযোগের বিষয়ে কিছুই বলেননি অভিনেত্রী। প্রথম সারির কিছু সংবাদমাধ্যম সূত্রে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও নুসরত নাকি ফোন ধরেননি। আজ আইনজীবীর পরামর্শ নিয়েই সাংবাদিক বৈঠকে ডেকেছেন বলে সূত্রের খবর।
আজই সাংবাদিকদের মুখোমুখি নুসরত, অভিযোগের জবাব দেবেন সাংসদ?









