নজরবন্দি ব্যুরোঃ হাইকোর্টে মামলা চলার কারণে এখনও অবধি হাওড়া কলকাতার পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত দল। এর মধ্যে সবথেকে বড় প্রশ্ন উঠছে কলকাতা পুরসভার তৃণমূলের মেয়দ পদপ্রার্থী ঘিরে। শোনা যাচ্ছে, “এক ব্যক্তি এক পদ” এর গেঁড়োয় পড়ে এবার মেয়রের পদ খোয়াতে চলেছেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, মেয়র নয়, মন্ত্রী থাকুন ফিরহাদ, এমনটাই চাইছে প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থা।
আরও পড়ুনঃ মদ নয়, কমাতে হবে জ্বালানির দাম, বুদ্ধদেবের মন্তব্য টেনে মমতা কে আক্রমণ শুভেন্দুর।
২১ এর নির্বাচনের পর পর “এক ব্যক্তি, এক পদ” এর নয়া নিয়ম চালু হয়েছে তৃণমূলের অন্দরে। যার জেরে একাধিক পদ হারাতে হয়েছে জেলা থেকে রাজ্যস্তরের হেভিওয়েট নেতাদের। সেই তালিকায় রয়েছেন অরূপ রায়, পুলক রায়, স্বপন দেবনাথ এবং সৌমেন মহাপাত্রদের। মন্ত্রীত্ব পাওয়ার কারণে জেলা সভাপতির পদ হারিয়েছেন সকলেই । রাজ্য মহিলা তৃণমূলের সভাপতির পদ ছাড়তে হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। সেই নিয়ম মেনেই আগামী পুরভোটে মেয়র পদ থেকে সরতে চলেছে ফিরহাদ হাকিমের নাম।
২০১৮ সাল থেকে কলকাতা পুরসভার মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম। সেইসঙ্গে সামলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রক। ২০২০ সালে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে পিছিয়ে যায় নির্বাচন। এরপর ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসতেই তৃণমূলের চালু হয় এক ব্যক্তি এক পদ নীতি।
নয়া নিয়ম অনুযায়ী এবার হয়তো মেয়রের পদ হারাতে পারেন ফিরহাদ হাকিম। যদিও তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ফিরহাদ। এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিও পাবেন বলে জানা গিয়েছে।
মেয়র নয়, মন্ত্রী থাকুন ফিরহাদ, অভিষেকের পছন্দ বাবুল!

সেই অঙ্ক মিলিয়ে কলকাতা পুরসভার মেয়র পদের দৌড়ে উঠে আসছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের নাম। শোনা যাচ্ছে কলকাতা পুরসভার মেয়র পদের জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাবুলকেই পছন্দ করেছেন। যদিও এখনও অবধি আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি তৃণমূল। হাইকোর্টে মামলা চলার কারণে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেনি নির্বাচন কমিশন। ফলে পুরভোট নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।



