নজরবন্দি ব্যুরো: ‘অল্প ভুলে’র জন্য বাতিল হবেনা মনোনয়ন। কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে রাজ্যের ২৯১টি আসনের প্রার্থী নাম ঘোষণা করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। তাঁর কথা মতো, সবদিক বিবেচনা করেই তালিকা তৈরি করেছেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে নিজের একাধিক পুরনো বিধায়ককে বাদ দিয়েছেন দলনেত্রী, স্বাভাবিক ভাবেই ওয়াকিবহাল মহল মনে করছিল এবার যাঁরা টিকিট পেয়েছেন তাঁদের ওপর ভরসা করছেন তিনি। তাঁদের মধ্যেই একজনের প্রার্থী থাকা না থাকা নিয়ে শুরু হয়েছিল দোলাচাল।
আরও পড়ুনঃ মনখারাপ তৃণমূলের! দলনেত্রীকে দেখতে এসে “গেট ওয়েল শুন” বোর্ডে বার্তা লিখে যাচ্ছেন সকলে।
তিনি পুরুলিয়ার জয়পুরের তৃণমূলের প্রার্থী উজ্জ্বল কুমার। মনোনয়ন পত্র অল্প ভুল থাকার জন্য গতকাল তা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তা নিয়ে গতকাল থেকেই মুষড়ে পড়েছিল ওই এলাকার তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। আজ আদালত কমিশনের সেই রায় খারিজ করে স্বস্তি দিল তৃণমূলকে।
‘অল্প ভুলে’র জন্য বাতিল হবেনা মনোনয়ন। সূত্রের খবর জয়পুর বিধানসভার প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নের হলফনামায় তারিখ ভুল ছিল, ফলে তালিকা এবং প্রার্থী ডিটেলস আপলোডের সময় তা রিজেক্ট দেখায়। যার ফলে মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন তাঁরা।
পুরুলিয়া জেলা তৃণমূলের আবেদন করা এই কেস বিচার করে আদালত কমিশনের সিদ্ধান্তকে খারিজ করে দেয়। ঘটনার প্রেক্ষিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য জানিয়েছেন “যে ত্রুটির কথা বলা হচ্ছে তা খুবই নগণ্য। ওই মনোনয়ন গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।” আদালতের রায়ের পরে স্লোগান উঠেছে জয়পুরে, “খেলা হবে”।



