আগামী সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। দেশজুড়েই কার্যত সাজো সাজো রব। আঁচ পড়েছে বাংলাতেও। ২২ তারিখ রাজ্যে ড্রাই ডে (Dry Day in West Bengal) ঘোষণার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রায় জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা সমস্ত সরকারী অফিসে
২২ জানুয়ারি রাম মন্দিরে (Ram mandir) রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলায় ড্রাই ডে ঘোষণার আর্জিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক আইনজীবী। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয় আজ। মামলাকারীর আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। হাইকোর্ট (Calcutta High Court) জানায়, ড্রাই ডে ঘোষণার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। স্টেট বেভারেজ কর্পোরেশন রয়েছে। এই সংক্রান্ত একাধিক বিধিনিষেক রয়েছে। তাই এবিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এই যুক্তি দেখিয়ে আদালত আবেদন খারিজ করে দেয়।

মামলাকারী হাইকোর্টে জানায়, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে একাধিক রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। ওই দিনে পশ্চিমবঙ্গে (West bengal) ড্রাই ডে ঘোষণা করা হোক। এদিকে রাজ্যের তরফে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাটি খারিজ করার আবেদন জানানো হয়।
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে বাংলায় ড্রাই ডে? কী জানাল হাইকোর্ট

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবেদন ছিল, ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মত পবিত্র মুহূর্তের সাক্ষী হতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হোক। তাঁদের অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করে কেন্দ্র। ২২ তারিখ দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ছুটি থাকবে, এরপর থেকে কাজ শুরু হবে।



