নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ ভূ কম্পনে কেঁপে উঠেছে নেপাল। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ। বেশ কিছু বাড়ি ধ্বংস স্তূপের নীচে চাপা পড়েছে। মৃত কমপক্ষে ৬ জন। এখনও উদ্ধারকার্য জারি আছে। ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়েছে দোতি জেলায়। মঙ্গলবার মধ্য রাতে নেপালে (Nepal) ভূকম্পন কেঁপে ওঠে। শুধু একবার নয়, তিন বার ঘটেছে ভুকম্পনটি। এ দিন সকালে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা শোক প্রকাশ করেন।
আরোও পড়ুনঃ একটু সাবধানে রাস্তায় যাতায়ত করবেন, বিরোধীদের হুঁশিয়ারি মদনের
দোতি জেলাতেই ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। একটি বাড়ি ভেঙে পড়ে একজন মহিলা ও দুইজন শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও তিনটি দেহ উদ্ধার হয়েছে অপর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। ধ্বংসস্তূপের ভিতর থেকে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

মঙ্গলবার নেপালে মোট তিনবার ভূমিকম্প হয়। প্রথম দু’বারের মাত্রা ছিল কম। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, দুইবার ভূমিকম্প ও একবার আফটার শক অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি রাত ৯ টা ৭ মিনিট নাগাদ অনুভূত হয়। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এরপরে ফের ৯টা ৫৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এইসময় কম্পনের মাত্রা ছিল ৪.১। তবে সবথেকে বেশি শক্তিশালী ছিল তৃতীয় ভূমিকম্পটিই। রাত ২টো ১২ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩। স্থানীয় বাড়ি গুলিতে এর প্রভাব পরে। বাড়ির নীচে চাপা পরে মৃত্যু হয় বহু জনের।
ভয়াবহ ভূ কম্পনে কেঁপে উঠল নেপাল, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু মানুষ

ভূমিকম্পের পরই এদিন সকালে প্রধানমন্ত্রী দেউবা বলেন, “ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। নেপালের পশ্চিমে খাপটাড অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে। আহতদের চিকিৎসা চালানোর জন্যও আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।” দ্রুত উদ্ধারকাজ চালানোরও প্রতিশ্রুতি দেন তিনি। নেপাল সেনাবাহিনীও উদ্ধারকাজ শুরু করেছে। হেলিকপ্টারের মাধ্যমে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একাধিক বাড়ি ভেঙে পড়েছে। এখনও অবধি ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব করা যায়নি।








