নেপালে জেন জি ঝড়? প্রাথমিক গণনায় এগিয়ে বলেন্দ্র শাহর দল, পিছিয়ে ওলি-প্রচণ্ড

নেপালের সাধারণ নির্বাচনের প্রাথমিক গণনায় এগিয়ে তরুণদের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। দলের প্রধান বলেন্দ্র শাহ ঝাপা-৫ আসনে বড় ব্যবধানে এগিয়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নেপালের সাধারণ নির্বাচনের ভোটগণনায় বড় চমকের ইঙ্গিত। প্রাথমিক ফলাফলে তরুণ প্রজন্মের সমর্থন পাওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) অনেকটাই এগিয়ে। দলের প্রধান এবং কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ নিজেও ঝাপা-৫ আসনে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

হিমালয়ের দেশ নেপালে সাধারণ নির্বাচনের ভোটগণনা এখনও চলছে। তবে প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, তরুণ ভোটারদের সমর্থন পাওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (Rastriya Swatantra Party বা RSP) উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। দলের নেতা বলেন্দ্র শাহ ঝাপা-৫ আসনে ছ’হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন। ওই কেন্দ্রেই তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল)-এর প্রধান কেপি শর্মা ওলি আপাতত দ্বিতীয় স্থানে।

প্রাথমিক ফলাফল বলছে, ১৬৫টি আসনে সরাসরি ভোটের মধ্যে প্রায় ৫০টি আসনে এগিয়ে রয়েছে বলেন্দ্রর দল। অন্যদিকে ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল) এগিয়ে রয়েছে মাত্র পাঁচটি আসনে।

নেপালের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল নেপালি কংগ্রেসও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য ফল দেখাতে পারেনি। গগন থাপার নেতৃত্বে দলটি এগিয়ে রয়েছে পাঁচটি আসনে। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল, যিনি প্রচণ্ড নামেই বেশি পরিচিত, তাঁর দল এগিয়ে রয়েছে তিনটি আসনে। তবে প্রচণ্ড নিজে রুকুম পূর্ব-১ কেন্দ্র থেকে চার হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।

গত সেপ্টেম্বরেই নেপালে বড় রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। তরুণ প্রজন্ম বা জেন জ়ি-র বিক্ষোভের জেরে পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের। এর তিন দিনের মধ্যেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শেষে নেপালের নির্বাচন কমিশন ৫ মার্চ সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোট ৬৫টি রাজনৈতিক দল অংশ নেয়।

এবারের নির্বাচনে তরুণ ভোটারদের বড় অংশের সমর্থন পেয়েছেন প্রাক্তন গায়ক ও কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। গত সেপ্টেম্বরে জেন জ়ি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সেই আন্দোলনের জনপ্রিয়তাকে হাতিয়ার করেই ঝাপা-৫ আসনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামেন বলেন্দ্র।

উল্লেখযোগ্য বিষয় হল, ২০২২ সালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি মাত্র চতুর্থ স্থানে ছিল। কিন্তু এবার প্রাথমিক ফলাফলেই স্পষ্ট—নেপালের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত