দুবাইয়ে মিসাইল আতঙ্ক! বাসিন্দাদের মোবাইলে জরুরি অ্যালার্ট, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে দুবাইয়ে মিসাইল হামলার আশঙ্কা। বাসিন্দাদের মোবাইলে জরুরি অ্যালার্ট পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ প্রশাসনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াল দুবাইয়ে। সম্ভাব্য মিসাইল হামলার আশঙ্কায় বাসিন্দাদের মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে প্রশাসন। দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিশ্বের অন্যতম ‘নিরাপদ’ শহর হিসেবে পরিচিত দুবাইয়েও তৈরি হয়েছে তীব্র আতঙ্কের পরিবেশ।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি ছড়িয়ে পড়ছে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলিতেও। ইরানের তরফে আগেই দাবি করা হয়েছিল, দুবাইয়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় অন্তত ১০০ জন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছেন। ইরানের খাতাম-আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দফতর জানিয়েছে, হামলার সময় ওই ঘাঁটিতে প্রায় ১৬০ জন মার্কিন মেরিন সদস্য উপস্থিত ছিলেন।

তাদের দাবি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলায় ওই ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে এখনও নিশ্চিত করা যায়নি।

এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার দুবাইয়ে ফের সম্ভাব্য মিসাইল হামলার জল্পনা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের মোবাইলে জরুরি অ্যালার্ট পাঠিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে গোটা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, শুক্রবার থেকে আবুধাবি এবং বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যের মধ্যে সীমিত পরিসরে বাণিজ্যিক উড়ান আবার চালু করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সংস্থার তরফে জানানো হয়েছে, যাঁদের বুকিং নিশ্চিত হয়েছে বা যাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে, শুধুমাত্র তাঁরাই বিমানবন্দরে আসবেন।

অন্যদিকে সংঘাত আরও ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) ইজরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আভিভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

আইআরজিসি-র বিবৃতিতে দাবি করা হয়েছে, তেল আভিভের কেন্দ্রস্থল লক্ষ্য করে সমন্বিত হামলা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো শহরের দিকে ধেয়ে যাচ্ছে। অন্যদিকে জর্ডানের ইরবিদ শহরেও একাধিক ড্রোন প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আশপাশের গুরুত্বপূর্ণ শহরগুলিতেও পড়তে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন