গরমে ঠান্ডা বিয়ারের স্বাদ নিতে গেলেই পকেটে বাড়তি চাপ! পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে এবার সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের বিয়ারের বাজারে। কাঁচামালের সঙ্কট, জ্বালানির দাম বৃদ্ধি—সব মিলিয়ে সামনে বড় মূল্যবৃদ্ধির আশঙ্কা। ঠিক কতটা বাড়তে পারে বিয়ারের দাম? জেনে নিন বিস্তারিত।
পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের জেরে আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় ধাক্কা লেগেছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে জটিল পরিস্থিতির কারণে জ্বালানির সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতে, কারণ কাচের বোতল তৈরির জন্য প্রয়োজনীয় এলএনজি (LNG)-এর বড় অংশই আমদানি করা হয় বিদেশ থেকে।
এই জ্বালানি সঙ্কটের ফলে কাচের বোতল উৎপাদন কমে যাচ্ছে। বহু কারখানায় উৎপাদন ৩০-৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে হয়েছে। ফলে বোতলের জোগান কমে গিয়ে দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। শুধু বোতল নয়, কাগজের কার্টন, লেবেল, প্যাকেজিং টেপ—সবকিছুর দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
এর পাশাপাশি অ্যালুমিনিয়ামের দাম বাড়ায় ক্যান বিয়ারের ক্ষেত্রেও খরচ বেড়েছে। ফলে বোতল বা ক্যান—দুই ক্ষেত্রেই চাপ পড়ছে প্রস্তুতকারকদের উপর।
এই পরিস্থিতিতে ‘Brewers Association of India’ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকারের কাছে বিয়ারের দাম ১২% থেকে ১৫% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
কতটা বাড়তে পারে দাম?
বিশেষজ্ঞদের মতে—
- জনপ্রিয় ৬৫০ মিলি বিয়ারের বোতলে দাম বাড়তে পারে ২০–২৫ টাকা পর্যন্ত
- প্রিমিয়াম ব্র্যান্ডে বৃদ্ধি আরও বেশি হতে পারে
- ক্যান বিয়ারের ক্ষেত্রে দাম বাড়ার হার তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা
Heineken, Budweiser (Anheuser-Busch InBev) এবং Carlsberg-এর মতো বড় ব্র্যান্ডগুলিও এই মূল্যবৃদ্ধির প্রভাবের বাইরে থাকবে না।
কেন বাড়ছে দাম?
- হরমুজ প্রণালীতে বাণিজ্য বাধা
- LNG সরবরাহে ঘাটতি
- কাচের বোতল উৎপাদন কমে যাওয়া
- অ্যালুমিনিয়াম ও প্যাকেজিং খরচ বৃদ্ধি
- জ্বালানির মূল্যবৃদ্ধি
আরও বড় সমস্যা কী?
যে সব রাজ্য দাম বাড়াতে অনুমতি দেবে না, সেখানে বিয়ার সরবরাহ কমিয়ে দিতে পারে সংস্থাগুলি। ফলে ভবিষ্যতে শুধু দামই নয়, বাজারে ঘাটতির আশঙ্কাও তৈরি হচ্ছে।



