NEET প্রশ্নফাঁসের বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থায় একাধিক বড় পরিবর্তনের কথা সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। বুধবার শীর্ষ আদালতে কেন্দ্রের দাবি, প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষার্থীদের হাতে পৌঁছনো পর্যন্ত গোটা প্রক্রিয়ায় এমন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যা ভাঙা অত্যন্ত কঠিন। প্রশ্নপত্র বহনকারী গাড়িতে GPS ট্র্যাকিং থেকে একাধিক স্তরে প্রশ্ন তৈরির ব্যবস্থা—নতুন ব্যবস্থায় একাধিক সুরক্ষা বলয় রাখা হয়েছে।
প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়াতেই রাখা হচ্ছে একাধিক মডারেটর। তবে চূড়ান্ত প্রশ্নপত্রে কোন কোন প্রশ্ন থাকবে, তা কোনও একক মডারেটরের জানা থাকবে না। অর্থাৎ পুরো প্রশ্নপত্র সম্পর্কে কোনও একজনের কাছে সম্পূর্ণ তথ্য না রাখার নীতিতেই এগোতে চাইছে কেন্দ্র।
পরীক্ষার প্রশ্নপত্র পরিবহণের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে নজরদারি। যে গাড়িতে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হবে, সেটিতে GPS ব্যবস্থা থাকবে। ফলে গাড়িটির অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রশ্নপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথেও নিরাপত্তার একাধিক স্তর রাখার কথা জানিয়েছে কেন্দ্র।
এ ছাড়াও National Testing Agency বা NTA-র পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। NTA-র সদর দফতর এবং আঞ্চলিক কার্যালয়গুলিতে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও সামনে এসেছে। সাম্প্রতিক সংস্কার প্রক্রিয়ায় পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের তালিকাতেও পরিবর্তন আনা হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে।
তবে কেন্দ্রের এই ‘ফুলপ্রুফ’ দাবিতেই থেমে থাকেনি সুপ্রিম কোর্ট (Supreme Court)। NEET ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত। ২০২৪ সালের NEET-UG বিতর্কের পর ড. কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা পরিচালনা, প্রশ্নপত্র তৈরি এবং নিরাপত্তা ব্যবস্থায় একাধিক সুপারিশ করেছিল।
রাধাকৃষ্ণন কমিটির সুপারিশের মধ্যে প্রশ্ন তৈরির পর্যায় থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে কড়া চেক অ্যান্ড ব্যালান্স, নির্দিষ্ট SOP এবং পরীক্ষা পরিচালনার পদ্ধতিতে কাঠামোগত পরিবর্তনের বিষয় ছিল। সুপ্রিম কোর্টও সেই সুপারিশগুলি বাস্তবে কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে কেন্দ্র ও NTA-র কাছে রিপোর্ট চেয়েছে।
শীর্ষ আদালতের বক্তব্য, শুধু কোনও একটি পরীক্ষায় সাময়িক নিরাপত্তা বাড়ালেই হবে না। প্রতি বছর NEET-এর মতো গুরুত্বপূর্ণ সর্বভারতীয় পরীক্ষা কী ভাবে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ ভাবে পরিচালনা করা হবে, তার একটি স্থায়ী ব্যবস্থা প্রয়োজন। আদালত NTA-কে পরীক্ষার ক্ষেত্রে আরও প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে নজর দেওয়ার বার্তাও দিয়েছে।
এদিকে UPSC নিয়েও সম্প্রতি প্রশ্ন উঠেছে। চলতি বছরের Civil Services Preliminary Examination-এর General Studies Paper-I-তে একাধিক প্রশ্ন ভুল বা ত্রুটিপূর্ণ বলে অভিযোগ তুলে একদল পরীক্ষার্থী Central Administrative Tribunal বা CAT-এর দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, কয়েকটি প্রশ্নের উত্তর ভুল ছিল, কিছু প্রশ্নে সঠিক বিকল্প ছিল না এবং কয়েকটি প্রশ্ন নির্ধারিত সিলেবাসের বাইরেও ছিল।
পরীক্ষার্থীদের আবেদনের পর CAT-এর নয়াদিল্লি বেঞ্চ UPSC-কে নোটিস পাঠিয়ে জবাব চেয়েছে। ফলে NEET-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের দাবি এবং UPSC-কে ঘিরে সাম্প্রতিক অভিযোগ—দুই ঘটনাই দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
NEET-কে ঘিরে ২০২৪ সালের বিতর্কের পর থেকে পরীক্ষার্থীদের আস্থা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রশ্নপত্র তৈরি, সংরক্ষণ, পরিবহণ এবং পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপে নিরাপত্তা কতটা কার্যকর হয়, তার উপরই নির্ভর করবে কেন্দ্রের ‘ফুলপ্রুফ’ ব্যবস্থার বাস্তব সাফল্য।



