নজরবন্দি ব্যুরো: পুলিশ-প্রশাসনের অনুমতি না মেলায় বাতিল হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সভা। অথচ সেই একই স্থানে চলছে তৃণমূলের মিছিল। শনিবার রাত থেকেই সভামঞ্চ তৈরি করা নিয়ে আইএসএফ ও তৃণমূলের কর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। রবিবার সকাল পর্যন্ত দফায় দফায় অশান্তি ছড়ায়। এই ঘটনায় ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়।

আরও পড়ুন: TMC: ৫৪ বছরের বিধায়ককে অসম্মান করা ঠিক হয়নি, অভিষেকের সভা বয়কট করে তৃণমূল বিধায়কের ক্ষোভপ্রকাশ


রবিবার ভাঙড়ের জাগুলগাছি এলাকায় নওশাদ সিদ্দিকির একটি কর্মী সভা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পুলিশের অনুমতি না পাওয়ায় সভা বাতিল করা হয় বলে জানায় আইএসএফ নেতৃত্ব। অন্যদিকে, ওই স্থানেই মিছিলের ডাক দিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। সূত্রে খবর, আইএসএফের সভা বাতিল হলেও তৃণমূলের মিছিল হচ্ছে।

বাতিল নওশাদের পূর্বঘোষিত সভা, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে গ্রেফতার ৪
সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় আইএসএফ কর্মীরা সভামঞ্চ বাঁধতে গেলে কয়েকজন তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে মারামারি চলে। এই অশান্তির ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।



শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত দফায় দফায় সভাস্থলের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এই অবস্থায় পুলিশি টহলদারি শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পিকেটিং বসেছে ঘটনাস্থলে।







