নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যে যখন সরগরম পরিস্থিতি সেইসময়েই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে থানায় এফআইআর করেন এক তরুণী। এই ঘটনার জেরেই এবার আদালতে আগাম জামিনের আবেদন নওশাদের। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
কয়েকদিন আগেই নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী। নিউটাউন থানায় বিধায়কের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করা হয়। অভিযোগকারিণী তরুণীর দাবি, নওশাদ সিদ্দিকি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করেছেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। তবে নওশাদের সঙ্গে কোথায়, কীভাবে পরিচয় হয়েছে এবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এনিয়ে তরুণীর বক্তব্য, “যা জানার নওশাদের কাছে প্রশ্ন করে নিন।” জানা গিয়েছে, অভিযোগকারিণী বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা। তৃণমূল নেতা সব্যসাচী দত্তর সঙ্গে থানায় গিয়েছিলেন তিনি।

এই ঘটনায় নওশাদের প্রতিক্রিয়া, যদি কোনও অন্যায় হত তাহলে তরুণী একা থানায় যেতেন। কেন একজন তৃণমূল নেতাকে সঙ্গে করে নিয়ে গেলেন? এনিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক। যদিও থানা থেকে নোটিস এলে পরবর্তী বিষয়ে ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে শুক্রবার আগাম জামিনের আবেদন জানিয়েছেন নওশাদ। আগামী সোমবার হাইকোর্টে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, কয়েকমাস আগেই আইএসএফের প্রতিষ্ঠা দিবস ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নওশাদের নির্বাচনী কেন্দ্র ভাঙড়। সংঘর্ষে জড়িয়ে পড়েন বিধায়ক সহ আইএসএফের কর্মী-সমর্থকরা। সেইসময়ে গ্রেফতার করা হয়েছিল নওশাদ সিদ্দিকিকে। ৪২ দিনের জেল কাটিয়ে জামিনে মুক্ত হন ভাঙড়ের বিধায়ক।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ভোট-আবহে হাইকোর্টে আগাম জামিনের আবেদন Nawshad-এর




