শনিবার তিনদিনের মার্কিন সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের আমেরিকা সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। একদিকে যেরকম যোগ দেবেন কোয়াড সামিটে, সেরকমই বৈঠক করবেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এরপর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেবেন এবং শেষমেষ প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি আলাপচারিতা রয়েছে প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে এই মুহূর্তে আমেরিকায় প্রস্তুতি তুঙ্গে। রীতিমতো সেজে উঠেছে নিউইয়র্ক।
বিশ্বের দুই প্রান্তে এখন যুদ্ধ পরিস্থিতি। একদিকে যেরকম চলছে রাশিয়া-ইউক্রেন টানাপোড়েন। ঠিক সেরকমই ইসরাইল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ চলছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমাগত বেড়ে চলেছে চিনা আগ্রাসন। বিশ্বের এই টালমাটাল পরিস্থিতিতে নরেন্দ্র মোদির আমেরিকা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাছাড়া চলতি বছরের শেষে আমেরিকায় ভোট রয়েছে। ক্ষমতায় রদবদলও আসতে পারে। এমতাবস্থায় মোদি আমেরিকায় গেলেন।


সূত্রের খবর, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন মুলুকে থাকবেন প্রধানমন্ত্রী। আজ, তিনি ষষ্ঠ কোয়াড সামিটে অংশ নেবেন। এরপর ২২ সেপ্টেম্বর, আমেরিকায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে একটি ভাষণ রাখবেন। শেষ দিন অর্থাৎ ২৩ তারিখ নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখার কথা রয়েছে নরেন্দ্র মোদির। এই বৈঠকটির নাম ‘সামিট অফ দা ফিউচার’। মোদিকে স্বাগত জানাতে তৈরি নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ ভেটেরানস মেমোরিয়াল কলিজিয়াম।








