নজরবন্দি ব্যুরো: কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে ২০০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। আয়কর দফতর তাঁর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করেছে। আলমারি ও বাক্সে থরে থরে টাকা সাজানো ছিল। টাকা গোনার জন্য যন্ত্র আনা হলে সেটিও ভেঙে যায়। এই ঘটনায় চারিদিকে শোরগোল পড়েছে। এবার এনিয়ে সরব হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: আন্দোলনের ১০০০ তম দিনে ধর্নামঞ্চে কুণাল, SLST চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলালেন ব্রাত্যর
গত বুধবার (৬ ডিসেম্বর) আয়কর দফতর কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে হানা দেয়। তাঁর ওড়িশা ও ঝাড়খণ্ডের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সাংসদের সহকারীর বাড়িতেও হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। টানা তিনদিন তল্লাশি চলছে। শনিবারও ধীরজ সাহুর বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। যেখানে বলা হয়, ‘দেশবাসী এই নোটের পাহাড় দেখুন আগে তারপর এঁদের নেতাদের সততার ভাষণ শুনুন। সাধারণ মানুষের থেকে যা কিছু লুট করা হয়েছে তা ফিরিয়ে দিতে হবে। এটা মোদীর গ্যারান্টি।’

আয়কর দফতর সূত্রে খবর, শনিবার (৯ ডিসেম্বর) আজ কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর রাঁচির বাড়িতে তল্লাশি চালিয়ে তিন ব্যাগ টাকা উদ্ধার করা হয়েছে। বান্টি সাহুর বাড়ি থেকে ১৯ ব্যাগ টাকা উদ্ধার করা হয়। বান্টি কংগ্রেস সাংসদের সহকারী, ওড়িশার মদের কারখানাগুলির নজরদারির দায়িত্বে ছিলেন।

কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার নগদের গণ্ডি ২০০ কোটি পার, সরব খোদ প্রধানমন্ত্রী

আয়কর দফতরের আধিকারিকরা ধীরজ সাহুর বোলানগির ও সম্বলপুরের দুটি বাড়ি এবং ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগার বাড়িতে তল্লাশি চালায়। এই জায়গাগুলি থেকেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। কংগ্রেস সাংসদের লোহারদাগার বাড়ি থেকে বেশ কিছু জরুরী নথি উদ্ধার হয়েছে।



