নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা একজোট হয়েছে। মহাজোটের নাম ‘ইন্ডিয়া’। সংসদের বাদল অধিবেশনেও মোদী সরকারের বিরুদ্ধে সরব তাঁরা। এবার এই ইন্ডিয়া জোটকেই বেনজির আক্রমণ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করলেন তাঁদের। মঙ্গলবার সংসদীয় বৈঠকে এনিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকালে দিল্লিতে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই যেভাবে বিরোধীরা বিভিন্ন ইস্যুতে সংসদের দুই কক্ষেই শোরগোল ফেলে দিয়েছে, এই পরিস্থিতিতে কীভাবে সুষ্ঠভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। এদিনের বৈঠক বিরোধীদের জোট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ইন্ডিয়া নাম রাখলেই কি হয়ে যায়?। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ‘ইন্ডিয়া’ শব্দ ছিল, ইন্ডিয়ান মুজাহিদিনের ‘ইন্ডিয়া’ শব্দ রয়েছে। ইন্ডিয়ান পিপলস ফ্রন্টও আছে।” মোদীর কথায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিদেশিদের তৈরি, কংগ্রেস স্থাপন করেছিলেন একজন বিদেশি। সংসদীয় বৈঠকে দলের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, “এখন সূর্যোদয়ের আগের ভোর। এখনই জেগে উঠুন। চব্বিশে আমাদের জয় হবেই।”

সংসদীয় বৈঠক শেষে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত। ২০২৪ সালে আবারও আমরাই ক্ষমতায় ফিরব।” বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “যে কোনও কিছুর সঙ্গেই ইন্ডিয়া জুড়ে দিলে হয় না। এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। নিজেদের বৈধ করতে ওরা (বিরোধী জোট) নামে ইন্ডিয়া শব্দ জুড়েছে।”

আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে হাত মিলিয়েছে দেশের একাধিক বিরোধী দল। গত ১৮ জুলাই ব্যাঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স) নাম চূড়ান্ত করা হয়। এই নামকরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়েও মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “বেঙ্গালুরুতে দুর্নীতিগ্রস্তরা একত্র হয়েছে।” এদিকে বিরোধীদের দাবি, বিরোধী জোট ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। কাজ শুরু হয়ে গিয়েছে। আর তা দেখে মোদী ভয় পেয়েছেন। বুঝে গিয়েছেন, ২০২৪-এই তাঁর রাজত্ব শেষ হতে চলেছে। ভয় পেয়েই নানারকম কথা বলছেন।
‘INDIA নাম রাখলেই কি হয়ে যায়?’, বিরোধী জোটকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা মোদীর




