নজরবন্দি ব্যুরোঃ বুধবার ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস। সেখানেই পতাকা পরিবর্তন হয়ে নতুন পতাকা আত্মপ্রকাশ হওয়ার কথা। এই নিয়ে এখন বিদ্রোহ চরমে উঠেছে। কাস্তে–হাতুড়ি শ্রমজীবী মানুষের পার্টির আন্তর্জাতিক প্রতীক বলে দাবি ভিক্টর–সহ কিছু নেতার। আবার ফরওয়ার্ড ব্লক নতুন যে পতাকা নিয়ে আসছে তা আজাদ হিন্দ বাহিনীর প্রথম পতাকা। পতাকার রঙ গেরুয়া-সাদা-সবুজ!
আরও পড়ুনঃ পরিবারের সম্পত্তির হিসেব চাইল হাইকোর্ট, সঙ্কটে মাণিক ভট্টাচার্য।


১৯৪৮ সাল থেকে ফরোয়ার্ড ব্লকের দলীয় পতাকায় লাল রঙ এবং বাঘের সঙ্গে কাস্তে-হাতুড়ি রয়েছে। কিন্তু এবার সেই পতাকার পরিবর্তন করছে ফরওয়ার্ড ব্লক। দল সিদ্ধান্ত নিয়েছে, এতদিন দলের পতাকা ছিল লাল জমির উপর ছুটন্ত বাঘ এবং একটি কাস্তে-হাতুড়ি। এখন ঠিক হয়েছে বাঘ যেমন ছিল তেমন থাকবে। শুধু পতাকার জমির রঙ লালের বদলে হবে তেরঙা (গেরুয়া-সাদা-সবুজ)। আর কাস্তে-হাতুড়ি প্রতীকটি থাকবে না।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দলের রাজ্য কমিটির নেতা ভিক্টর সহ ৫ জন নেতৃত্ব। গোয়ালপোখরের প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আলি ইমরান রামজ ওরফে ভিক্টর তুমুল আক্রমণ করেন রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, “নরেন চট্টোপাধ্যায় নিজের গ্রুপ বানাতে গিয়ে দলের ক্ষতি করছেন। অশোক ঘোষের মৃত্যুর পর, এমন সিদ্ধান্ত কেন? রাজ্য-জেলার সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত কেন?”


ফরওয়ার্ড ব্লকে পতাকা বিদ্রোহ, সাসপেন্ড ভিক্টররা যোগ দিচ্ছেন CPI(M)-এ।

ভিক্টরের অভিযোগ, “পার্টি অফিসকে ব্যক্তি মালিকানায় পরিণত করছেন নরেন চট্টোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার পার্টি অফিস সোনার দোকানকে ভাড়া দেওয়া হয়েছে। কোচবিহারেও তাই। সালামি নেওয়া ৩৮ লক্ষ টাকা কোথায় গেল?” এরপরেই ভিক্টরকে সাসপেণ্ড করে ফরোয়ার্ড ব্লক। সূত্রের খবর, আলি ইমরান রামজ ওরফে ভিক্টর যোগ দিতে চলেছেন সিপিআইএমে।







