নজরবন্দি ব্যুরোঃ বেলাগাম করোনায় বিধ্বস্ত বাংলাকে বাঁচাতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হল টাস্ক ফোর্স। মুখ্যসচিব সহ রাজ্য সরকারের মোট ছ’জন উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে গঠিত এই টাস্ক ফোর্স। আলাপনের নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্সে আছেন ছ’জন শীর্ষ আইএস এবং আইপিএস অফিসার। আছেন কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব ও হোম অ্যান্ড প্লানিং দফতরের সচিব।
আরও পড়ুনঃ কমিশনের নিষেধাজ্ঞা আর কোভিড বিধিকে শিকেয় তুলে জনসভা দিলীপ ঘোষের!
গতকালের ছবিটা ভয়ঙ্কর। রেকর্ড টেস্টের দিনে হয়েছিল রেকর্ড সংক্রমণ। মৃত্যু গড় ঘন্টায় আড়াই-তিন। আর সংক্রমণ প্রতি ৯ মিনিটে একজন! তাই গতকালই হেল্প লাইন চালু করেছে নবান্ন। করোনা আক্রান্তদের যে কোনও প্রয়োজনে রাজ্য স্বাস্থ্য দফতর ফোন করতে পারেন। নাম্বার হল, ১৮০০-৩১৩-৪৪৪-২২২। পাশাপাশি ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স পরিষেবার জন্য চালু করা হয়েছে দু’টি নম্বর। রাজ্য ভিত্তিক আপৎকালীন নম্বরটি হল ০৩৩-৪০৯০-২৯২৯। আর কলকাতা পুরসভার নম্বর ০৩৩-২২১৯-৭২০২/২২৪১-১২৫৫।
জরুরি ভিত্তিক অ্যাম্বুলেন্স বা হাসপাতালে ভর্তির নম্বরের সাথে আরও একটি নাম্বার দেওয়া হয়েছে। ভিডিও কলে চিকিৎসা অথবা ফোনে চিকিৎসকদের পরামর্শ এবং ওষুধের জন্য। ২৪ ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে এই নাম্বারে। নাম্বারটি হল, ০৩৩-২৩৫৭-৬০০১। কলকাতাবাসীর জন্যে ০৩৩-২২৮৬-১২১২/১৩১৩ নাম্বার দুটি দেওয়া হয়েছে। এতে দিনের যে কোনও সময় কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে ফোন করা যাবে। এছাড়াও রাজ্যজুড়ে হাসপাতালে রোগী ভর্তি করাতে চাইলে ফোন করতে হবে ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নাম্বরে। পাশাপাশি ৮৩৩৫৯৮৮৮৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপেও কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করা যাবে।
বেলাগাম করোনায় বিধ্বস্ত বাংলা, রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১১ হাজার ৯৪৮ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯০৪ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৬৮ হাজার ৭৯৮ জন। আজ করোনা কেড়ে নিল ৫৬ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৬৬ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৫৯০ জন।
সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭২ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৬৭১ এবং ৭৭৯। গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৫৭৮ এবং ৫৯৬ জন।



