আইপিএলে খেলবেন মাহি? বড় আপডেট দিল সিএসকে

আগামী আইপিএলেও খেলবেন মহেন্দ্র সিং ধোনি, জানাল সিএসকে। তবে বয়স ও হাঁটুর সমস্যার কারণে সব ম্যাচে নাও দেখা যেতে পারে তাঁকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটাল চেন্নাই সুপার কিংস শিবির। আগামী আইপিএলেও ধোনিকে মাঠে দেখা যাবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। তবে বয়স ও শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি সব ম্যাচে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়— এমনই ইঙ্গিত মিলেছে দলের অন্দরমহল থেকে।

চলতি বছরের শেষেই ৪৫ বছরে পা দেবেন ধোনি। স্বাভাবিকভাবেই তাঁর ফিটনেস এবং দীর্ঘদিনের হাঁটুর সমস্যাকে ঘিরে প্রশ্ন উঠছে। সিএসকের এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, ধোনি দলে যোগ দিতে প্রস্তুত এবং চেন্নাইয়ে ফিরছেন নিশ্চিতভাবেই। তবে প্রতিটি ম্যাচে তাঁর উপস্থিতি নির্ভর করবে সম্পূর্ণভাবে তাঁর নিজের সিদ্ধান্তের উপর।

গত আইপিএলেই দেখা গিয়েছিল, ধোনিকে বেশ কয়েকটি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ম্যাচের আগে ও পরে হাঁটুতে নি-ক্যাপ পরা অবস্থায় তাঁকে দেখা যায়, যা তাঁর শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। সেই কারণেই আগামী মরশুমেও তাঁকে সীমিত ভূমিকার মধ্যে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ধোনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে সিএসকে। গত নিলামের আগে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয়েছে। উইকেটকিপিংয়ের দায়িত্ব অনেক ম্যাচে তাঁর উপরই থাকতে পারে। প্রয়োজনে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় অনুপস্থিত থাকলে নেতৃত্বও সামলাতে পারেন সঞ্জু।

২০২৪ আইপিএলের আগে অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি, এরপর থেকেই তাঁর অবসর নিয়ে জল্পনা তীব্র হয়। সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয় সঞ্জু স্যামসনের দলে অন্তর্ভুক্তির পর। তবে সিএসকে কর্তাদের বক্তব্য পরিষ্কার— ধোনির অবসর নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে দলের কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছিলেন, ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনা চলছে, কারণ ধোনি একদিন না একদিন অবসর নেবেনই। তবে আপাতত সমর্থকদের জন্য সুখবর— আগামী আইপিএলেও ‘ক্যাপ্টেন কুল’-কে মাঠে দেখার সম্ভাবনা প্রবল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত