নজরবন্দি ব্যুরো: ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হচ্ছে দেশের ৫০৮টি স্টেশন। আর আজ, রবিবার রেল স্টেশনের সংস্কারের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হল, তালিকায় বাংলার কোন কোন স্টেশন আছে?
আরও পড়ুন: লোকসভা পর্যন্ত তিনিই থাকবেন রাজ্য সভাপতি, নিজেই সেকথা স্পষ্ট করলেন সুকান্ত


‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে ২৪,৪৭০ কোটি টাকারও বেশি টাকা খরচ করা হবে। যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা গড়ে তুলবে রেল। ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫০৮ স্টেশনের পুনঃবিকাশ করা হবে এই ‘অমৃত ভারত’ স্কিমের আওতায়। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন।

দেখে নেওয়া যাক বাংলার কোন কোন স্টেশনের ভোল পুরো বদলে যাবে। এর মধ্যে রয়েছে ব্যারাকপুর স্টেশন, যার জন্য বরাদ্দ করা হয়েছে ২৬.৭ কোটি টাকা। এছাড়াও সংস্কার করা হবে শিয়ালদহ, মালদহ টাউন, বোলপুর, বর্ধমান জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ মাল জংশন, তারকেশ্বর, রামপুরহাট জংশন ইত্যাদি। শুধুমাত্র বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৫০৩ কোটি টাকা।



পাশাপাশি, বিহারের ৪৯টি স্টেশন, মহারাষ্ট্রের ৪৪টি স্টেশন, পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন, মধ্যপ্রদেশের ৩৪টি স্টেশন, অসমের ৩২ টি স্টেশন, ওড়িশার ২৫টি স্টেশন রয়েছে। পঞ্জাবের ২২টি স্টেশন, গুজরাট ও তেলঙ্গানার ২১টি স্টেশন, ঝাড়খণ্ডের ২০ টি স্টেশন, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর ১৮টি করে স্টেশন, হরিয়ানার ১৫টি স্টেশন ও কর্নাটকের ১৩টি স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হবে। আর আজ, রবিবার রেল স্টেশনের সংস্কারের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশজুড়ে রেল স্টেশন সংস্কারের সূচনা মোদীর, তালিকায় বাংলার কোন কোন স্টেশন?








