নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় বারবার বিধায়ক পরেশ পালের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ও মৃতের পরিবার। সেই মামলায় সিবিআইইয়ের তলব পেতেই মঙ্গলবার সকালেই হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে পরেশ পাল, রাজনৈতিক মহলে জল্পনা।


অভিযোগ বিজেপির নেতা অভিজিৎ সরকারের খুন হয়েছিলেন পরেশ পালের নির্দেশেই। এই নিয়ে চার মাসের ব্যবধানে দ্বিতীয়বার হাজিরা দিলেন তিনি। সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তৃণমূল বিধায়ক। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই ভিতরে প্রবেশ করেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে বিধায়নসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার। পরিবারের তরফে অভিযোগ ছিল রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে অভিজিৎকে। এমনকি সরাসরি অভিযোগ উঠেছিল শাসক দলের বিধায়কের দিকে। বেধড়ক মারধরের পর গলায় পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে হিংসার ঘটনা সামনে আসতে শুরু করে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনেও রিপোর্ট জমা করা হয়। এরপর সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে আদালত। এই মুহুর্তে সেই মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই অভিজিৎ সরকার খুনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও বহু তৃণমূল নেতা সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে বলে জানা গেছে।


সিজিও কমপ্লেক্সে পরেশ পাল, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

অন্যদিকে, এই ঘটনায় বীরভূমের ইলামবাজারে এক কর্মী খুনের ঘটনায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তিনি অবশ্য এই মুহুর্তে গরু পাচার মামলায় জেল হেফাজতে। আগামী দিনে তাঁকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এমনটাই সূত্রে খবর।








