নজরবন্দি, সৌমি ঘোষঃ ‘ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প বলবে’ এই শুনেই কেটেছে ছেলেবেলা। প্রজন্ম যত এগিয়েছে গল্প শোনার আগ্রহ ততই বেড়েছে। আর তা যদি হয় গল্পের যাদুকর মীরের মুখ থেকে, তবে তো কোনো কথাই নেই! নতুন বছরেই নতুন চমক, ‘গপ্পো মীরের ঠেক’ নিয়ে আসছে মীর। সেই খবরটি শোনার পর থেকেই গল্পপ্রেমী মানুষদের উচ্ছ্বাস লাগামছাড়া।
আরও পড়ুনঃ বাংলা ব্যান্ডের ইতিহাসে পঁচিশ বছর পার ফসিলসের, কবে উদযাপন সারা শহর জুড়ে?


মানুষকে গল্প শোনানোর উদ্দেশ্যে বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চের পাতায় ডুব দিয়ে তুলে আনা মণিমুক্ত দিয়ে সাজানো হয়েছিল মির্চির অনুষ্ঠান সানডে সাসপেন্স। দিন যত গড়িয়েছে সেই তালিকায় যোগ হয়েছে বিদেশী গল্পের সংখ্যাও। তবে যে যাদুকরেরা গল্পগুলিতে প্রাণ দিয়েছেন তাঁদের মাঝে মোক্ষম আকর্ষন ছিলেন মীর। কখনও শার্লক তো কখনও তারিনী খুড়ো, কখনও দাম্ভিক রাজা-উজির, কখনও বা আততায়ী, শুধু কন্ঠ দিয়ে ছবি এঁকে মুগ্ধ করেছিলেন মীর। তবে গত জুলাইয়ে মির্চি ছাড়ার সংবাদে মাথায় আকাশ ভেঙে পড়ে গল্প প্রেমীদের। সেদিনই মীর কথা দেন মির্চি ছাড়লেও, রেডিও ছাড়বেন না। তবে কি স্বাধীন ভাবে কিছু করতে চাইছিলেন মীর? উঠেছিল সেই প্রশ্ন।

অবশেষে সেই উত্তর পাওয়া গেল মীরের ফেসবুক পেজে। জানিয়ে দিলেন ফিরছেন গল্পের ফেরিওয়ালা। তবে একটু অন্যভাবে, সাজিয়ে ‘আপনার গল্পের প্লেলিস্ট’। হয়ে গিয়েছে প্রোমোর প্রকাশ। যা দেখে রীতিমতো উৎসাহিত অনুরাগীরা। যেখানে দেখা যাচ্ছে, একটি বই থেকে কিছু পড়ে শোনাচ্ছেন মীর। কখনও প্রাতঃভ্রমণকারী মানুষের পাশে, কখনও ভীর বাসে, কখনও জিমে আবার কোথাও লেকের ধারে বসে থাকা প্রেমিক প্রেমিকার কানে বিড়বিড় করে পড়ছেন গল্প। বিষয়টা কী? আসলে মানুষের জীবনটাই এক একটা গপ্পো। আর সেখানেই গপ্পো খুঁজতে বেড়িয়েছেন মীর। নাম দিয়েছেন ‘গপ্পো মীরের ঠেক’। কোন কোন গল্প পাবেন? কোথায় পাবেন সেই ঠেকের খোঁজ?


নতুন বছরেই ‘গপ্পের ঠেক’ খুলছেন মীর, উপহার পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা

মানুষ আসলে কী? তাঁর উত্তর খুঁজতে গিয়ে মীর শোনাবেন, কসরতের গল্প, ভেঙ্গে যাওয়া মানুষের উঠে দাঁড়ানোর গল্প, বলবেন একলা মনের মন খারাপের গল্প, আড্ডার ঠেকে তুফান তোলা বন্ধুত্বের হাসি-মজার গল্প। রহস্যের গল্প থেকে বিরতি নিয়ে জীবন রহস্যে ভরপুর এমন সব গল্প শুনতে পাবেন ‘গপ্পো মীরের ঠেকে’। ২০২৩ শের ২৩ তারিখে এর শুভ সূচনা। কোথায় পাবেন এই ঠেকের ঠিকানা? মীর জানিয়েছেন তিনি একটি ইউটিউব চ্যানেল খুলতে চলেছেন। এবং তাঁর লিঙ্ক তিনি ফেসবুকে ইতিমধ্যেই যোগ করেছেন। ‘রিয়াল মীর’ এখানেই পাবেন আপনার গল্পের ঠিকানা। অবশ্য আরও একটি সতর্কতা আছে, ভুয়ো গল্পের ফাঁদে পরবেন না, আসল লিঙ্ক দিয়ে মীর জানিয়ে দিয়েছেন তাঁর আসল ঠেকের হদিশ।








