ডিম হামলার পর এবার হাই কোর্টে মীনাক্ষী! চলতি সপ্তাহেই গুরুত্বপূর্ণ শুনানির সম্ভাবনা

কোচবিহারের শীতলকুচিতে গাড়িতে ডিম ছোড়ার ঘটনার পর আইনি লড়াই শুরু করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কলকাতা হাই কোর্টে আবেদন করার অনুমতি মিলেছে। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কোচবিহারের শীতলকুচিতে ডিম ছোড়ার ঘটনার জেরে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত আবেদন জানানো হয়। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

মঙ্গলবার সকালে শীতলকুচিতে মৃত সিপিএম কর্মী মণ্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখান থেকে ফেরার পথে শীতলকুচি বাজারের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। ডিমের আঘাতে গাড়ির সামনের কাচ ঝাপসা হয়ে গেলে তিনি রাস্তার মধ্যেই গাড়ি থামিয়ে দেন।

ঘটনার পর নিজেই মোবাইলে ভিডিও রেকর্ড করেন মীনাক্ষী। পরে সেই ভিডিও প্রকাশ করে হামলার অভিযোগ তোলেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি ঘটনাস্থলেই প্রতিবাদে অবস্থানও করেন তিনি।

এই ঘটনার জেরেই আদালতের হস্তক্ষেপ চেয়ে হাই কোর্টে আবেদন করেন বাম নেত্রী। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি গ্রহণ করা হয়েছে বলে আদালত সূত্রে খবর। শুনানিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হামলার তদন্ত সংক্রান্ত বিষয় উঠে আসতে পারে।

প্রসঙ্গত, গত শনিবার শীতলকুচির সিংহিমারি গ্রামের সিপিএম কর্মী মণ্টু মিঞা নিখোঁজ হন। পরদিন সকালে খুটামারি নদীর ধারে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, গরু কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁকে গণপিটুনি দিয়ে খুন করা হয়েছে। সেই পরিবারের সঙ্গে দেখা করতেই এলাকায় গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

উল্লেখযোগ্যভাবে, ডিম ছোড়ার ঘটনা নিয়ে এর আগেও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই মামলার শুনানিতে আদালত জন প্রতিনিধিদের লক্ষ্য করে এ ধরনের হামলা রুখতে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরির বিষয়েও রাজ্যকে পদক্ষেপ করার কথা জানিয়েছিল।

এখন শীতলকুচির এই ঘটনাতেও আদালতের পর্যবেক্ষণ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও প্রশাসনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর