রাজ্যসভায় ইতিহাসের পথে তৃণমূলের মেনকা গুরুস্বামী! হতে চলেছেন দেশের প্রথম সমকামী সাংসদ

রাজ্যসভা নির্বাচনে মেনকা গুরুস্বামীকে প্রার্থী করেছে তৃণমূল। জয়ী হলে তিনিই হবেন দেশের প্রথম প্রকাশ্য সমকামী সাংসদ, ৩৭৭ ধারা মামলার আইনজীবী হিসেবেও পরিচিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় রাজনীতিতে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস। আসন্ন রাজ্যসভা নির্বাচনে বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রার্থী ঘোষণা করে বড় বার্তা দিয়েছে দল। জয়ী হলে তিনিই হবেন ভারতের প্রথম প্রকাশ্য সমকামী রাজ্যসভার সাংসদ। মানবাধিকার ও সমকামী অধিকার আন্দোলনের পরিচিত মুখ মেনকার মনোনয়ন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

শুক্রবার রাতে এক্স (X) হ্যান্ডেলে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় অন্যতম বড় চমক ছিল মেনকা গুরুস্বামীর নাম। আইনি মহলে সুপরিচিত এই আইনজীবীর মনোনয়নকে অনেকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসাবেই দেখছেন।

মেনকা গুরুস্বামীর পরিবার রাজনৈতিকভাবে পরিচিত। তাঁর বাবা মোহন গুরুস্বামী বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং অটলবিহারী বাজপেয়ী সরকারের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তবে পারিবারিক রাজনৈতিক পরিচয়ের বাইরে নিজস্ব পরিচয়েই প্রতিষ্ঠিত হয়েছেন মেনকা।

শিক্ষাজীবন থেকেই অত্যন্ত মেধাবী মেনকা দেশের শীর্ষ আইন শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ল স্কুল থেকে পড়াশোনা করেন। পরে হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষা গ্রহণ করেন। সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তিনি সওয়াল করে পরিচিতি অর্জন করেছেন।

ছত্তিশগড়ে মাওবাদী দমনে গঠিত ‘সলওয়া জুড়ুম’ বাহিনীর বিরুদ্ধে মামলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মণিপুরে সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ সংক্রান্ত মামলায় ‘অ্যামিকাস কিউরি’ হিসাবেও দায়িত্ব পালন করেন।

অগস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর আইনজীবী হিসাবেও তিনি আদালতে দাঁড়িয়েছেন।

২০১৮ সালে সুপ্রিম কোর্টে ঐতিহাসিক মামলায় ৩৭৭ ধারা বাতিলের পক্ষে অন্যতম প্রধান আইনজীবী ছিলেন মেনকা গুরুস্বামী। সেই রায়ের ফলে ভারতে সমকামিতা অপরাধমুক্ত হয় এবং সমকামী অধিকার আন্দোলনে তিনি জাতীয় স্তরে পরিচিতি পান।

সম্প্রতি তৃণমূলের করা আইপ্যাক সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও সওয়াল করতে দেখা যায় তাঁকে। সেই শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজুর সঙ্গে তাঁর বাকবিতণ্ডা নিয়েও চর্চা হয়েছিল।

সমকামী অধিকার আন্দোলনের সময় থেকেই মেনকা গুরুস্বামী জনপরিসরে পরিচিত মুখ। তাঁর দীর্ঘদিনের সঙ্গী অরুন্ধতী কাটজু। ২০১৯ সালে তাঁরা প্রথম প্রকাশ্যে সমকামী যুগল হিসেবে সামনে আসেন। ৩৭৭ ধারা বাতিলের রায়কে ব্যক্তিগত জয় হিসাবেও উল্লেখ করেছিলেন মেনকা।

রাজ্যসভায় মনোনয়ন পেয়ে জয়ী হলে মেনকা গুরুস্বামীই হবেন দেশের প্রথম প্রকাশ্য সমকামী সাংসদ। তৃণমূলের এই সিদ্ধান্ত ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত