নজরবন্দি ব্যুরো: রাজ্যে কেবল একটি বিধানসভা কেন্দ্রে ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল আইএসএফ। সেই ভাঙড়েই এবার বড় ভাঙন। আইএসএফ ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন কয়েকশো কর্মী। এরফলে দলের সংগঠন দুর্বল হয়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: চার বছর পর মমতা-হাসিনা সাক্ষাৎ, আলাদা করে বৈঠকের সম্ভাবনা


ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাটাপুকুর ৬১ নম্বর বুথ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন আইএসএফ কর্মীরা। এদিন সকালে স্থানীয় তৃণমূল এটা খইরুল ইসলামের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। এরফলে নিজেদের গড়ে ক্ষয়ের মুখে পড়ল ভাইজানের দল বলে মনে করা হচ্ছে। এদিকে পঞ্চায়েত নির্বাচনের পর এই দলবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত পঞ্চায়েত নির্বাচনে ‘হটস্পট’ হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত একের পর এক অশান্তির খবর সামনে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ এনেছিল আইএসএফ। এদিন তৃণমূলে যোগ দিয়ে আইএসএফ কর্মী আরসাদ সাঁফুই সংবাদমাধ্যমে বলেন, ‘নিজেদের ভুল বুঝে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম। দেরি হয়নি ভুল বুঝতে। এলাকায় উন্নয়ন করতে হলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে।’



উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। চারিদিকে যখন সবুজ ঝড়, সেইসময়ে একটি কেন্দ্রে আইএসএফ দলের জয়লাভ রাজনৈতিক মহলে কার্যত সাড়া ফেলে দিয়েছে। এরপর খোদ ভাঙড়ের বিধায়ক শাসক দলের বিরুদ্ধে নানা ইস্যুতে অভিযোগ এনেছেন। তবে কয়েকশো কর্মীর দলবদল স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে ইন্ডিয়ান সেক্যুলার ফন্ট দলের।
ভাঙড়ে ISF শিবিরে বড় ভাঙন, দল ছেড়ে তৃণমূলে যোগদান কয়েকশো কর্মীর








