নজরবন্দি ব্যুরো: জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির আমন্ত্রণে জি-২০ নৈশভোজের যোগ দিতে রাজধানী যাবেন। সেখানেই দুজনের সাক্ষাৎ হবে। এমনকি মমতা-হাসিনার মধ্যে আলাদা করে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ৪ রাউন্ড গণনা শেষ, হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল-বিজেপির, কে হাসবে শেষ হাসি?
৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত হতে চলেছে জি-২০ সম্মেলন। বিশ্বের একাধিক রাষ্ট্রনেতারা ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসছেন শেখ হাসিনা। আজ বিকেলেই দুজনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে খবর। সূত্রে খবর, ৭ লোককল্যাণ মার্গ, নিজের বাসভবনেই বন্ধু দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। সেইমত গৃহ অভ্যর্থনার প্রস্তুতিও করা হচ্ছে।

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, “গত বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে রাষ্ট্রীয় সফরের সময় উভয় নেতা নদীদূষণের মতো সমস্যাগুলো মোকাবিলা করতে এবং অভিন্ন নদীর ক্ষেত্রে নদীর পরিবেশ এবং নদীর নাব্যতা উন্নত করার জন্য আধিকারিকদের একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর টাকা–রুপিতে লেনদেন সুগম করা, কৃষি খাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে।”

দীর্ঘ চার বছর পর শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতে চলেছে। জি-২০ সম্মেলনের নৈশভোজের অবকাশে দুজনের মধ্যে আলাদা করে বৈঠকের সম্ভাবনা আছে। যদিও বাংলা-কেন্দ্রের সংঘাতের আবহে মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন কিনা তা নিয়ে একটি সংশয় রয়ে গিয়েছে।
চার বছর পর মমতা-হাসিনা সাক্ষাৎ, আলাদা করে বৈঠকের সম্ভাবনা




