এসআইআর নিয়ে শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর আইনি লড়াই জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে যেন প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে—এই দাবিতে সুপ্রিম কোর্টে তাঁর সওয়ালকে ইতিবাচক বলেই দেখছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা মানিক সরকার। বঙ্গ সিপিএম যেখানে এই উদ্যোগকে ‘নাটক’ বলে কটাক্ষ করছে, সেখানে ভিন্ন সুরে মানিক সরকারের স্পষ্ট বক্তব্য—দেরি হলেও মমতা কার্যকরী পদক্ষেপ নিয়েছেন, সেটাকে খাটো করে দেখা যায় না।
রবিবার সাংবাদিক বৈঠকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন মানিক সরকার। তাঁর অভিযোগ, এসআইআর নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সূচনা বিহার থেকে হলেও সামনে একাধিক রাজ্যে বিধানসভা ভোট থাকায় বিষয়টি এখন দেশজুড়ে আলোড়ন ফেলেছে। তাঁর দাবি, নির্বাচন কমিশন নিরপেক্ষ না থেকে পক্ষপাতদুষ্ট ভাবে কাজ করছে এবং কার্যত বিজেপি-কে সুবিধা করে দিচ্ছে।
মানিক সরকারের অভিযোগের কেন্দ্রে রয়েছে এসআইআরের লক্ষ্যবস্তু। তাঁর মতে, ভোটার তালিকা সংশোধনের নামে মূলত মুসলিম, তফসিলভুক্ত এবং গরিব শ্রেণির মানুষদের টার্গেট করা হচ্ছে। কারণ এই অংশের ভোটাররাই বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষুব্ধ। তাই তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে তিনি দাবি করেন। এই প্রবণতার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ডাকও দেন তিনি।
এই প্রেক্ষাপটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রসঙ্গ তোলেন মানিক সরকার। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ইস্যুতে সুপ্রিম কোর্ট-এ রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন। একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে তিনি আদালতে যুক্তি রেখেছেন। যদিও মানিক সরকারের মতে, মমতা আরও আগে আদালতের দ্বারস্থ হলে ভালো হতো, তবু দেরিতে হলেও যে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার মানুষের হয়ে কথা বলেছেন, সেটিকে তিনি ইতিবাচক ও কার্যকরী উদ্যোগ হিসেবেই দেখছেন।
বঙ্গ সিপিএমের অবস্থান থেকে নিজেকে আলাদা করে মানিক সরকার স্পষ্ট করে দিয়েছেন—প্রকৃত ভোটারের পরিচয় ধর্ম বা রাজনৈতিক পরিচয়ে নয়, একমাত্র নাগরিকত্বেই নির্ধারিত হওয়া উচিত। সেই জায়গায় যদি কারও নাম বাদ যায়, তবে তার প্রতিবাদ চলতেই থাকবে। সোমবার সুপ্রিম কোর্টের রায়ের দিকেই এখন নজর, যা এসআইআর বিতর্কে পরবর্তী দিশা নির্ধারণ করবে।



