নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী মানিক ভট্টাচার্য। এই প্রথম কলকাতা হাইকোর্ট নিয়োগের দুর্নীতি মামলায় ধৃত কারও জামিনের আবেদন মঞ্জুর করলেন। সোমবার মানিক পত্নীকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। কয়েকমাসের মাথায় আত্মসমর্পণ করেন তাঁর স্ত্রী এবং পুত্র। এরপরই দুজনকে আদালত থেকেই দুজনকে গ্রেফতার করা হয়। মূলত নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে জামিনের আবেদনের শুনানি শুরু হয়। আদালতের বক্তব্য, শতরূপা ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পায়নি ইডি। এমনকি তিনি যে কারও থেকে টাকা নিয়েছেন তারও কোনও প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি মানিক পত্নী জামিন পেলে পালানোর বা তদন্তে প্রভাব ফেলার আশঙ্কাও জানায়নি তদন্তকারীরা। এর প্রেক্ষিতেই বিচারপতি বলেন, শতরূপা ভট্টাচার্যকে আর হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নেই।

এদিন শর্তসাপেক্ষে শতরূপা ভট্টাচার্যকে জামিন দেওয়া হয়েছে। এক লক্ষ টাকার বন্ডে সই করে জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে তাঁকে। তবে রাজ্যের বাইরে যেতে পারবেন না। তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।

গত ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। তদন্তে নেমে তাঁর বিপুল সম্পত্তির হদিশ পায় ইডি। পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের বিদেশ ভ্রমণের নানা তথ্য তদন্তকারীদের হাতে উঠে আসে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করেন মানিকের স্ত্রী ও পুত্র। এরপর কয়েকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। অবশেষে মানিকের স্ত্রীয়ের জামিন মঞ্জুর করল আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী




