নজরবন্দি ব্যুরোঃ দক্ষিনে মোদী উত্তরে দিদি, ৭ তারিখ শিলিগুড়িতে সভা মুখ্যমন্ত্রীর। রাজ্যে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের রাজ্যে আনাগোনা ততই বেড়ে চলেছে। পিছিয়ে নেই প্রধানমন্ত্রীও। কিছুদিন আগেই দক্ষিনেশ্বর মেট্রো উদ্বোধনে এসে সভা করেন তিনি। এবার আগামী রবিবার অর্থাৎ ৭ তারিখ ফের তিনি আসতে চলেছেন বিজেপির ব্রিগেড সমাবেশে। আর সেই দিনই উত্তরবঙ্গে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় যখন মোদির ব্রিগেড সভা চলবে ঠিক তখনই শিলিগুড়িতে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ টীকা নিলে মিলবে টিকিট, প্রার্থী হওয়ার জন্য ভ্যাকসিন নেওয়ার ধুম তৃণমূলে।
বাংলার দুই প্রান্তে দুই হাইভোল্টেজ নেতার এই সভা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। কে কতটা ভিড় জমাতে পারল তা দেখার জন্য দুই সভাতেই নজর থাকবে সাধারণ মানুষের। তবে ইদানীং বিভিন্ন সভায় বিজেপির লোকবলে যে ভাটা দেখা গেছে তা থেকে অনেকেই মনে করছে ৭ তারিখ অ্যাডভান্তেজ তৃণমূল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার শিলিগুড়ি শহরে বেলা ১২টা নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হবে মমতার পদযাত্রা। মূলত রান্নার গ্যাসের ক্রমাগত দামবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, জ্বালানী তেলের দামবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী।
তবে এর সঙ্গে অবশ্যই থাকবে বিজেপিকে ভোট না দেওয়া ও তাঁদের পরাস্ত করার বার্তাও। পদযাত্রা শেষ হবে ভাষা মোড়ে। সেখানে একটি দলীয় সমাবেশে সেদিন বক্তব্যও রাখবেন তৃণমূলনেত্রী। এখন দেখার ওই সভা থেকে কি ভাষায় তিনি বিজেপিকে আক্রমন করেন। বরাবর বামফ্রন্টের শক্ত গড় শিলিগুড়ি। কংগ্রেস সেখানে কিছুটা জমি ধরে রাখতে পারলেও পরিবর্তনের পরেও সেখানে খুব একটা সমর্থন পায়নি তৃণমূল। শহরের পুরনিগম কার্যত এখনও বাম-কংগ্রেসই দখলে রয়েছে। শহরের বিধায়কও বাম। যদিও গত লোকসভায় এখান থেকে বেশ কিছু ভোট পায় বিজেপি। এখন দেখার মুখ্যমন্ত্রী শিলিগুরিবাসিকে তৃণমূলমুখী করতে পারেন কিনা।
এদিকে দিদি আসার আগেই শিলিগুড়িতে পা রাখার আগেই সেখানকার বাতাসে বিজেপি বিরোধীতার সুর ছড়িয়ে দিতে শুরু করে দিয়েছে নাগরিক মঞ্চ। ইতিমধ্যেই এই সংগঠনের তরফ থেকে শহর জুড়ে পোস্টার দিয়ে আর্জি জানানো হয়েছে যে, বিজেপিকে একটিও ভোট নয়। এর কারন হিসাবে তাঁরা দাবি করছে, বিজেপি গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। হিন্দু, মুসলিমের মধ্যে বিবাদ তৈরি করছে। বাংলাতেও দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। তাই বিজেপিকে একটিও ভোট না দেওয়ার আর্জি জানিয়ে তাঁরা পোস্টার দিয়েছেন শিলিগুড়ি শহরজুড়ে। এমনকি একই ইস্যুতে আগামী ১০ই মার্চ শিলিগুড়িতে একটি মিছিলেরও ডাক দিয়েছে তারা।
দক্ষিনে মোদী উত্তরে দিদি, ৭ তারিখ শিলিগুড়িতে সভা মুখ্যমন্ত্রীর। নাগরিক মঞ্চের পক্ষে এই বিষয়ে মুক্তি সরকার জানালেন, ‘দেশজুড়ে বিজেপি যেভাবে জাতপাত নিয়ে রাজনীতি করছে তাতে বাংলায় তাদের কোনও জায়গা নেই। কোনও ভাবেই রাজ্যে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। দক্ষিণবঙ্গে নো ভোট টু বিজেপি নামে একটি সংগঠন পোস্টার লাগাচ্ছে। এখানে তারা মানুষের কাছে আবেদন করছে যাতে মানুষ বিজেপিকে ভোট না দেয়। কিন্তু কাকে ভোট দেবে সেটা সকলে বিবেচনা করেই দেবেন।’ এদিকে এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।



