নজরবন্দি ব্যুরো: নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুরু হল মুখ্যমন্ত্রীর পদযাত্রা। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজীর মূর্তিতে মাল্যদান করে শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। নেতাজীর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হঠাৎই নেতাজীর বাসভবনে হাজির হন মুখ্যমন্ত্রী। নেতাজী ভবনে মমতা বলেছেন, ‘নেতাজী একটা দর্শন, ওঁর মতো দেশপ্রেমিক কম ছিলেন।’ নেতাজী মানে একটা আবেগ। রবীন্দ্রনাথ প্রথম নেতাজীকে দেশনায়ক বলেছিলেন। তাই আমরা দেশনায়ক দিবস পালন করছি।’
তার আগে নেতাজি ভবনের অনুষ্ঠানে যোগ দেন মমতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষে শ্যামবাজার থেকে রেড রোডে সুভাষচন্দ্রের মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার সাইরেন শাঁখ বাজিয়ে নেতাজির জন্মমুহূর্তকে স্মরণ করা হয়। তার পর শুরু হয় মিছিল। লালবাজার সূত্রের খবর, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে ভূপেন বসু অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ধর্মতলা, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে রেড রোডে সুভাষচন্দ্রের মূর্তি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যাবে ওই মিছিল। পুলিশ জানিয়েছে, মমতার মিছিলের ফলে এইসব রাস্তাও যানজটের কবলে পড়েছে। শোভাযাত্রা চলাকালীন ওই রাস্তায় সাময়িক ভাবে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।


আরও পড়ুন:আগামী শাহ-সফরে বিজেপিতে যোগ দিতে পারেন আরো হেভিওয়েট ১২, তৈরি সেই তালিকা
নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ সকালে ট্যুইট করে মুখ্যমন্ত্রী বলেন, “নেতাজি যথার্থই দেশ নায়ক ছিলেন, দেশের অখন্ডতায় গভীর বিশ্বাস ছিল তাঁর। শনিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে টুইট বার্তা মমতার। এদিন পরপর বেশ কয়েকটি টুইট করে মুখ্যমন্ত্রী। লেখেন, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য। তিনি যথার্থই দেশনায়ক ছিলেন, দেশের অখন্ডতায় গভীর বিশ্বাস ছিল তাঁর। দেশনায়ক দিবস হিসাবেই আমরা এই দিনটি পালন করছি।”
নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুরু হল মুখ্যমন্ত্রীর পদযাত্রা। এদিন মুখ্যমন্ত্রী ট্যুইট করে আরও জানান, নেতাজির স্মরণে একটি মনুমেন্ট তৈরি হবে রাজারহাটে। তার নাম দেওয়া হবে আজাদ হিন্দ ফৌজ। নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের গাঁটছাড়া থাকবে। এ বছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের প্যারেড উৎসর্গ করা হবে নেতাজির উদ্দেশ্যে।


এদিকে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এদিন দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, ওই দিন দুপুর সাড়ে তিনটেয় বিমানে কলকাতা পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন রেস কোর্সে। রেস কোর্স থেকে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। জাতীয় গ্রন্থাগারে নেতাজীকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি।বিকেল ৪টে ২৮-এ প্রধানমন্ত্রীর ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌছনোর কথা। সেখানে উদ্বোধন করবেন ‘নির্ভীক সুভাষ’ নামে স্থায়ী একটি গ্যালারির। পাশাপাশি, অন্যান্য বিপ্লবীদের নিয়ে ‘বিপ্লবী ভারত’ নামে আর একটি গ্যালারিরও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।২৪ তারিখ থেকে গ্যালারি ২টি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেড় ঘণ্টা থাকার কথা প্রধানমন্ত্রীর।বিকেল ৫টা ৪৬-এ ভাষণ দেবেন তিনি। সংস্কৃতি মন্ত্রক সূত্রে আরও খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী নাম। বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর বক্তৃতার জন্য ৫ মিনিট সময়ও নির্ধারণ করা হয়েছে। ফলে, ফের এক মঞ্চে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে দেখা যাওয়ার সম্ভাবনা। যদিও নবান্ন সূত্রে এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।শনিবার ভিক্টোরিয়ায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।সেই অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সৌরেন্দ্র-সৌম্যজিত্ সহ বহু শিল্পী।







