সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বিভিন্ন পুরসভার চেয়ারম্যানকে কার্যত কড়াসুরে ভর্ৎসনা করলেন তিনি। বিধাননগর পুরসভায় সরকারি জমি দখলের অভিযোগে রাজ্যের দমকলমন্ত্রী তথা সেখানের পুরনিগমের চেয়ারম্যান সুজিত বসুকে কটাক্ষ করলেন তিনি।
আরও পড়ুন: প্রদেশ সভাপতির চেয়ারে প্রদীপ ভট্টাচার্য, মমতাপন্থী মুখেই সিলমোহর!
দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর একটি অভিযোগ আসছে, বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে পুরসভার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা। তিনি বললেন, ”যেখান সেখান থেকে লোক এনে পুরসভায় কাজ দিচ্ছে। যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে অনুমতি ছাড়া।”

সঙ্গে তিনি আরও যোগ করেন, ”এবার কি আমাকে রাস্তায় ঝাঁটা দিতে হবে? আমি স্থানীয়দের হাত থেকে টেন্ডারটা তুলে নিচ্ছি আজ থেকে। কোনও টেন্ডার আমি লোকালি করতে দেব না। সব কেন্দ্রীয়ভাবে হবে। তাদের হাতেই তথ্য থাকবে। কমিটি করে দিচ্ছি আমি। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ভূমি, অর্থ, সেচ দপ্তরের সচিবরা থাকবেন। সঙ্গে পুলিশ কমিশনার, ডিজি ও এডিজি (আইনশৃঙ্খলা) থাকবেন। কোনও কিছু হলে আমি তাঁদের ধরব।”
বিধাননগরে সরকারি জমি দখল, সুজিতের ওপর চটে লাল মমতা!

অর্থাৎ, মুখ্যমন্ত্রী যে দলের জনপ্রতিনিধিদের ওপর ‘খুশি’ নন তা প্রকাশ করে দিলেন। সুজিত বসুর পাশাপাশি, হাওড়ার রথীন চক্রবর্তীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মমতা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ টাকা খেয়ে এ সব করছেন। নিশ্চয়ই দিয়ে-টিয়ে খাচ্ছেন। আই অ্যাম সরি। কিন্তু এ সব বলতে হচ্ছে। একটা গ্রুপ তৈরি হয়েছে, বলতেই হচ্ছে।”



