আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও বিচার আসেনি। প্রায় প্রতিদিনই প্রতিবাদে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সোমবার আরজি কর আবহে একটি প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীকে উৎসবে ফিরে আসার অনুরোধ করলেন। পাশাপাশি, সিবিআই-এর উদ্দেশ্যে বললেন, দ্রুত তদন্তের কিনারা করতে।
৯ অগস্ট আরজি করে এক তরুণী চিকিৎসক ধর্ষিতা এবং খুন হন। এরপর থেকেই চলছে লাগাতার প্রতিবাদ। তিন বার রাত দখলের ডাক দিয়েছেন মহিলারা। নারী-পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে যোগ দিচ্ছেন প্রত্যেকেই। সবার দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এবার আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, “কেন্দ্র সরকার আর কয়েকটা বাম দল এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছে। মানুষের অসুবিধা হচ্ছে। পুলিশ পুজোর সময়েও সারারাত পাহারা দেয়। তাঁদেরও পরিবার রয়েছে। আমি মানুষকে বলব, উৎসবে ফিরে আসুন। আর সিবিআই-কে বলব, দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করুন।”


আরজি কর ইস্যুতে নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, এরকম একটি খবর প্রচারিত হয়েছিল। সোমবার সেই বিষয়েও মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার, চক্রান্ত। আমি বাবা-মাকে যা বলেছিলাম তা হল, দেখুন, মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুব মর্মাহত। আমরাও মর্মাহত। কিন্তু যদি কোনও দিন মনে করেন, আপনার মেয়ের স্মৃতিতে কোনও ভাল কাজ করবেন, আমাদের বলবেন। সরকার পাশে আছে।”
আজ, সুপ্রিম কোর্টে ছিল আরজি কর মামলার দ্বিতীয় শুনানি। সেখানে মঙ্গলবার বিকেলের মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যদি তা না হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সর্বোচ্চ আদালতে ভর্ৎসনার সম্মুখীন হন। আগামী মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ফের একবার সিবিআই-কে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলল। আজকের শুনানির পর কার্যত আন্দোলনকারীরা হতাশা প্রকাশ করেছেন।







