কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ইতিমধ্যেই বাংলায় পা রেখেছে। অন্যদিকে একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সফরসূচি অনুযায়ী একইসময় দুজনের উত্তরবঙ্গে থাকার কথা। তাহলে কি দুজনে মুখোমুখি হবেন? কী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?



আরও পড়ুন: দুই বিচারপতি ‘সংঘাত’ মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট, জারী স্থগিতাদেশ
দিন কয়েক আগেই রাহুলের ‘ন্যায় যাত্রা’ (Bharat Jodo Nyay Yatra) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সৌজন্যতার দিক থেকেও তাঁকে কিছু জানানো হয়নি। কার্যত সেইসময়েই বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয় একাই লড়বে তৃণমূল কংগ্রেস। এদিকে বাংলায় আসতেই কর্মসূচি স্থগিত রেখে দিল্লি রওনা দিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শীঘ্রই ফের শুরু হবে কর্মসূচি। রাহুলের সঙ্গে দেখা হবে কি না এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এলে আসবেন। আগে থেকেই আমার কর্মসূচি ঠিক আছে। যদি আসেন, এক কাপ চা খেয়ে যাবেন।’

ইন্ডিয়া জোটের (INDIA Bloc) প্রধান দুই দল কংগ্রেস (Congress) এবং তৃণমূল কংগ্রেস (TMC)। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই ভাঙন দেখা দিচ্ছে জোটের অন্দরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়ে দিয়েছেন, ‘বাংলায় তৃণমূল একা লড়বে। বিজেপিকে হারাতে বাংলায় তৃণমূলের কোনও বিকল্প নেই।’ সর্বভারতীয় ক্ষেত্রে জোটের ভবিষ্যৎ নিয়ে ভোটের পর ভাবা হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে কংগ্রেসের প্রতিক্রিয়া ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া জোটের কথা ভাবাই যায় না।


একইসময়ে উত্তরবঙ্গে মমতা-রাহুল, মুখোমুখি হবেন দুজন? কী জানালেন মমতা

ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। শোনা গিয়েছিল, বাংলায় তৃণমূল ২ টির বেশি আসন ছাড়তে নারাজ কংগ্রেসকে। এনিয়ে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন তোপ দেগে বলেন, বাংলায় অধীর চৌধুরীর (Adhir Chowdhury) জন্যই ইন্ডিয়া জোট হচ্ছে না। ইন্ডিয়া জোট দুজনকে নিয়ে চিন্তিত, এক বিজেপি, দুই অধীর।’ জল্পনা শুরু হয়েছে, অধীর চৌধুরীর কারণেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসতে পারে তৃণমূল।







