লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ইন্ডিয়া জোটের ভাঙন জোরালো হচ্ছিল। রবিবার সেই ভাঙন কার্যত সত্যি হল। বিহারের মহাজোট ভেঙে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার। জোট সংকটের মধ্যেই আজ উত্তরবঙ্গে একই সময় উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। দুজনের দেখা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ওয়াকিবহাল মহলের মতে, মমতা ও রাহুলের (Mamata Banerjee-Rahul Gandhi) সাক্ষাৎ হলে জরুরী বৈঠক হতে পারে।



আরও পড়ুন: ফের পালটি নীতীশের, দিলেন ইস্তফা, বিকেলেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ!
রবিবার কলকাতা থেকে বিমানে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরের মধ্যেই হাসিমারা এয়ারবেসে নেমে হেলিকপ্টারে করে কোচবিহারে পৌঁছানোর কথা। আগামীকাল একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজ একইদিনে উত্তরবঙ্গ থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat Jodo Nyay Yatra) শুরু করবেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যায় যাত্রায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী আসবেন কি না তা এখনও জানা যায়নি।

সূত্রে খবর, সোমবার রাহুলের ন্যায় যাত্রা বিহারে পৌঁছানোর পর ফের দ্বিতীয় পর্যায়ে কর্মসূচি বাংলায় ফেরত এসে মালদহ, মুর্শিদাবাদ হয়ে যাবে। সেইসময়েও উত্তরবঙ্গে (North Bengal) থাকছেন মমতা। দ্বিতীয় পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যায় যাত্রায় সামিল করানোর চেষ্টা করানো হচ্ছে। বাংলায় ইন্ডিয়া জোটের (INDIA Bloc) আসন রফা নিয়ে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে কার্যত ঘোষণা করে দিয়েছেন, বাংলায় একাই লড়বে তৃণমূল কংগ্রেস (TMC)। অর্থাৎ ৪২ টি আসনেই তাঁরা প্রার্থী দেবেন। সর্বভারতীয় ক্ষেত্রে জোটের ভবিষ্যৎ নিয়ে ভোটের পর ভাবা হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে কংগ্রেসের প্রতিক্রিয়া ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া জোটের কথা ভাবাই যায় না।


নীতীশকাণ্ডের মাঝেই উত্তরবঙ্গে মুখোমুখি রাহুল-মমতা? জরুরী বৈঠকের সম্ভাবনা

উল্লেখ্য, রবিবার নাটকীয় মোড় দেখা যায় বিহারের রাজনীতিতে। এদিন সকালেই বিহারের রাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে আসেন নীতীশ কুমার (Nitish Kumar)। মহাজোট সঙ্গী কংগ্রেস (Congress), আরজেডি-কে দুষেই সরকার ভাঙার ঘোষণা করেন তিনি। জানা গিয়েছে, আজ বিকেল ৪ টে নাগাদ ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ।







