মাত্র ৪ মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড উত্তরবঙ্গের তিন জেলা- কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। মৃত্যু হয়েছে ৫ জনের। আহত শতাধিক। মারা গিয়েছে প্রচুর পরিমাণ গবাদি পশু। বাড়িঘর ভেঙে রাস্তায় নেমে এসেছেন অনেকে। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার থেকেই উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ আরাবুলের, আদালতের দ্বারস্থ খোদ তৃণমূল নেতা!
মঙ্গলবার জলপাইগুড়ির মার্সি ফেলোশিপ চার্চের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। জানান, এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে তাঁর বরাবর ভালো লাগে। এদিন সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর চার্চ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

উত্তরবঙ্গের এই ঝড়কে কেন্দ্র করেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঝড় নিয়ে মন্তব্য করতে গিয়েও বেফাঁস বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর মতে, উত্তরবঙ্গে বিজেপির ঝড় শুরু হয়েছে।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে বলেছেন, “নির্বাচনী বন্ড থেকে কোটি কোটি টাকা পেয়েছে তৃণমূল তাই চাটার্ড ফ্লাইটে রাতেই চলে আসতে পেরেছেন মুখ্যমন্ত্রী।”

তৃণমূল সরকার মানবিকতায় বিশ্বাসী, ‘ঝড়-রাজনীতি’ নিয়ে বিজেপিকে পাল্টা মমতা
ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও অনেকের কাছে ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ প্রকাশ্যে আসছে। এই প্রসঙ্গেই মমতা বলেন, “তৃণমূল সরকার মানবিকতায় বিশ্বাসী। সব দিকে দেখা হচ্ছে। এই সময় রাজনীতি করা উচিৎ নয়। ভোট আসছে বলে প্রধানমন্ত্রী তো বলছেন টাকা দিয়ে দেব! আমরা ক্ষমতায় আছি। মানুষের পাশে আছি। আগামীতেও থাকব। এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।”




