ভোটগণনার আগের সন্ধ্যায় চূড়ান্ত প্রস্তুতিতে ঝাঁপাচ্ছে তৃণমূল। রবিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজরের কেন্দ্রে ‘হটস্পট’ ভবানীপুর। যেখান থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী নিজেই।
সূত্রের খবর, এই বৈঠকের মূল উদ্দেশ্য ভবানীপুরের গণনা প্রক্রিয়া নিয়ে খুঁটিনাটি কৌশল নির্ধারণ। গণনার দিন যাতে কোনও ত্রুটি বা বিশৃঙ্খলা না হয়, তা নিশ্চিত করতেই শেষ মুহূর্তে মাঠে নামছেন তৃণমূল সুপ্রিমো।


বৈঠকে উপস্থিত থাকার কথা ভবানীপুর বিধানসভা এলাকার ৮ জন কাউন্সিলর, সংশ্লিষ্ট ওয়ার্ড প্রেসিডেন্ট এবং চিফ ইলেকশন এজেন্টদের। পাশাপাশি দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতাও এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
তৃণমূল নেতৃত্বের কাছে ভবানীপুর বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবারও সেই কেন্দ্রকে ঘিরে আলাদা করে কৌশল সাজানো হচ্ছে। দলীয় সূত্রে ইঙ্গিত, গণনার দিন বুথভিত্তিক নজরদারি, এজেন্টদের দায়িত্ব বণ্টন এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার রূপরেখা নিয়েই আলোচনা হবে।
গণনার আগে রাজ্যজুড়ে যেখানে উত্তেজনা বাড়ছে, সেখানে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র হওয়ায় ভবানীপুরে কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল।









