নজরবন্দি ব্যুরো: গত মাসেই শান্তিনিকেতনের মুকুটে নয়া পালক জুড়েছে। ইউনেস্কোর তরফে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান। কিন্তু এরপরই এক বিতর্কের ঘটনা ঘটে যায়। ইউনেস্কোর হেরিটেজ প্রাপ্তির ফলকে নাম নেই রবীন্দ্রনাথের। সেখানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্বভারতীর উপাচার্যের নাম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দিলেন হুঁশিয়ারিও।


বৃহস্পতিবার কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর কৃতিত্বের নামফলকে রবীন্দ্রনাথের নাম না থাকা নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন তিনি। হুঁশিয়ারি দিয়ে জানান, শুক্রবার সকালের মধ্যে রবীন্দ্রনাথের নাম ফেরাতে হবে। নইলে আগামীকাল সকাল ১০ টা থেকে বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে আন্দোলনে নামবে জেলা তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”শান্তিনিকেতন, বিশ্বভারতী যে হেরিটেজ তকমা পেয়েছে, তা তো রবীন্দ্রনাথের জন্যই। আর তাঁর নামই সরিয়ে দিল? এতদিন পুজো ছিল বলে কিছু বলিনি। আগামিকাল সকালের মধ্যে যদি না ফলকে নাম ফেরানো হয়, তাহলে ওখানে আমাদের দল রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে আন্দোলন করবে।”

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁদের ভুল স্বীকার করেন। বিশ্ববিদ্যালয়ের তরফে নাকি জানানো হয়েছে, ওই নামফলক অস্থায়ী। দ্রুত তা বদলে ফেলা হবে। গতমাসে ইউনেস্কোর হেরিটেজ তকমা পায় বিশ্বভারতী। সেইসময় বিদেশ সফরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।



উল্লেখ্য, এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বলতে বাধ্য হচ্ছি। এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। বালুর সুগার রয়েছে। ওঁর শরীর খুব খারাপ। ও যদি মরে যায়, বিজেপি-ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।”
বিশ্বভারতীর নামফলকে রবীন্দ্রনাথের নাম ফেরাতে হবে, সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি মমতার









