নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর ফেরা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন ধরে যে জেলা নিয়ে বিশেষ মাথা ঘামাতে হয়নি তৃণমূলকে। সেই জেলায় এবার নিজেই নজর দিতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি মাসেই কেষ্টহীন বীরভুম সফরে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের বিশেষ বার্তা দেবেন।
আরও পড়ুনঃ Weather Updates: বৃষ্টির অ্যালার্ট রাজ্যজুড়ে, পশ্চিমি ঝঞ্ঝায় তছনছ হবে একাধিক অঞ্চল


সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ওই দিনেই প্রশাসনিক বৈঠক সারবেন বোলপুরে। এছাড়াও ১ ফেব্রুয়ারি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। তখনই স্থানীয় নেতাদের ডেকে দলের অন্দরের খবর নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, অভিযোগ থাকলেও যেভাবে অনুব্রত মণ্ডল জেলার সংগঠন সামলেছেন তাতে চোখ বন্ধ করে ভরসা করেছে দলীয় নেতৃত্ব। এখন কেষ্ট না থাকার কারণেই সরাসরি নজর রেখে সমন্বয়ের বার্তা দিতে চান তিনি।

জেলে থাকলেও সেখান থেকেই দলের সংগঠনের ওপর কড়া নজর ছিল অনুব্রত মণ্ডলের। সেখান থেকেই দলের কর্মসূচি বাতলে দিতে দেখা গেছে তাঁকে। এমনকি দলের গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দেওয়ার আগেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিন্তু মামলার যা গতিপ্রকৃতি, তাতে পঞ্চায়েত নির্বাচনের আগে কেষ্টর ফেরা সহজ হবে না। তাই দলের সংগঠন নিজেই সামলাতে চান মমতা। দলের নেতাদের বিশেষ বার্তা দিতে চলেছেন তিনি।
কেষ্টহীন বীরভূম সফরে মমতা, নিজেই নজর রাখবেন মমতা

পাশাপাশি নদিয়া জেলার সংগঠন নিয়েও চিন্তায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে সেই জেলাতেও নিজে নজরদারি রাখতে চান তিনি। শোনা যাচ্ছে, দূর থেকে হলেও এই জেলার সংগঠনের রাশ নিজের হাতেই রাখতে চান তৃণমূল সুপ্রিমো।









