নজরবন্দি ব্যুরো: বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে বাংলা থেকে দূরে তিহার জেলে বন্দি। তাঁর অনুপস্থিতিতে প্রথম ভোট। হাইভোল্টেজ পঞ্চায়েত ভোটের প্রচারে কমতি রাখতে চায় না শাসক দল। দলীয় নেতৃত্ব রাজ্যজুড়ে একাধিক সভা করছে। কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার দুর্যোগের জেরে পায়ে, কোমরে চোট পেয়েছেন। বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এদিকে পঞ্চায়েতে বীরভূমে ভালো ফল করতে মরিয়া তৃণমূল। সবদিক বিচার করেই আগামীকাল দুবরাজপুরে ভার্চুয়াল সভা করতে পারেন মমতা।
আরও পড়ুন: ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে, সুজাপুর থেকে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের
আগামী শনিবার (৮ জুলাই) রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন। আজ ভোটের আগে শেষ রবিবার। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে প্রচার সারছেন। সোমবার দুবরাজপুরে ভার্চুয়ালি সভায় যোগদান করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে পঞ্চায়েতের প্রচারে উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ২৭ জুন সভা শেষ করে বাগডোগরার উদ্দেশ্যে যাওয়ার সময়েই আচমকা দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেই সময়েই সেবক বায়ুঘাঁটিতে জরুরি অবতরণ করা হয়। তবে অবতরণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে ও পায়ে চোট লেগেছে। দুর্যোগের পর মুখ্যমন্ত্রীকে কলকাতা নিয়ে আসা হয়। ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

জানা গিয়েছিল, হাঁটুর লিগামেন্ট এবং বাঁদিকের হিপ জয়েন্টের লিগামেন্টে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফেরার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর এমআরআই করা হয়। আগামী কয়েকদিন মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। গত কয়েকদিকে তাঁকে কোনও কর্মসূচিতে দেখা যায়নি। তবে এবার ফের কাজ শুরু করবেন তিনি। অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বীরভূমে ঘাসফুল ফোটানোই এখন অন্যতম লক্ষ্য শাসক দলের।

গত বছর আগস্ট মাসে বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। গরু পাচার মামলায় একাধিকবার তলব করার পরই এই গ্রেফতারি। কিন্তু তাঁকে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি। তাঁর অনুপস্থিতিতে কোর কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলার সংগঠনের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। তাই চোটের পরও মুখ্যমন্ত্রী প্রচারে খামতি রাখতে চান না বলেই দাবি রাজনৈতিক মহলের।
অনুব্রতহীন বীরভূম তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ, চোটের কারণে ভার্চুয়াল সভা মমতার










