নিজের দলের কর্মীকেই সপাটে চড় মারলেন মমতা! মিছিলে বিশৃঙ্খলার মাঝে মেজাজ হারালেন তৃণমূলনেত্রী

বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা। ‘চোর চোর’ স্লোগান ও ‘মাছ চোর’ গানকে কেন্দ্র করে বিক্ষোভ, হাতাহাতির অভিযোগ। বিশৃঙ্খলার মাঝেই এক কর্মীকে চড় মারতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতার হাজরায় কালীঘাট তৃণমূলের ডাকা মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মিছিল চলাকালীন ‘চোর চোর’ স্লোগান এবং ‘মাছ চোর’ গান বাজানোকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তিকে চড় মারতে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমূলেরই এক কর্মী।

কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়েছিল কালীঘাট তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছু দূর এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলের পাশ থেকে ‘চোর চোর’ স্লোগান ওঠে। পাশাপাশি ‘মাছ চোর’ গান বাজানো নিয়েও বিক্ষোভ তৈরি হয়।

- Advertisement -

এই ঘটনাকে কেন্দ্র করে কালীঘাট তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উত্তেজনা বাড়তেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বচসা এবং ধস্তাধস্তির অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

এই বিশৃঙ্খলার মধ্যেই রাস্তায় নেমে ভিড় সামলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় এক ব্যক্তিকে চড় মারার দৃশ্য সামনে আসে, যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তবে ওই ব্যক্তিকে কেন চড় মারা হয়েছিল, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে তৃণমূলের তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মিছিলকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা এবং রাজনৈতিক পাল্টা অভিযোগের জেরে বিষয়টি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য ইস্যু হয়ে উঠেছে।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর